![]()
ঢাকা: ঢাকার দোহার উপজেলার জয়পাড়া কালেমা চত্বর এলাকায় যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এ সময় অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয় এবং পাঁচটি মামলায় মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রোববার দুপুরে জয়পাড়া আঞ্চলিক মহাসড়ক এবং পাইলট উচ্চ বিদ্যালয় থেকে উপজেলা পরিষদ এলাকা পর্যন্ত সড়ক ও ফুটপাতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ স্ট্যান্ড, পানবাজার, টং দোকান ও ফলবাজার বসিয়ে দখল করা স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
জনস্বার্থে জয়পাড়া মোড়, উপজেলা পরিষদ ও পৌরসভা এলাকায় অবৈধ টং দোকান উচ্ছেদ অভিযানে দুই ফল ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা পরিষদ এলাকায় ফুটপাত দখল করে স্থাপনা নির্মাণের দায়ে দুই চায়ের দোকানিকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা এবং সড়কের উল্টো পথে চলাচলের দায়ে এক অটোরিকশাচালককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে পাঁচ মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ। তাঁকে সহযোগিতা করেন দোহার থানা-পুলিশ, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী এবং উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
স্থানীয়রা জানান, সম্প্রতি উপজেলা সদরের প্রধান সড়কগুলো কিছু অসাধু ব্যবসায়ী দখল করে দোকান ভাড়া দিয়ে আসছিলেন। এতে যানবাহন চলাচলের পাশাপাশি সাধারণ মানুষের হাঁটাচলাও ব্যাহত হচ্ছিল। তাঁদের দাবি, ফুটপাত দখল করে দোকানপাট বসানো হয়েছিল।
দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ জানান, এর আগেও উপজেলা ও পৌরসভা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। তবে উচ্ছেদের কয়েক ঘণ্টার মধ্যেই দখলকারীরা আবার আগের অবস্থানে ফিরে যান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশীনা আরিফ বলেন, ‘যানজট নিরসন ও জনগণের চলাচল নির্বিঘ্ন করতে আমাদের এই অভিযান। এর আগেও আমার অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের কয়েক দিন পরই আবার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান ও স্থাপনা নির্মাণ করে ব্যবসা শুরু করেন। তবে এবারের অভিযানের পর পুনরায় কেউ বসলে তাঁদের জেল-জরিমানা দুটিই করা হবে।’
এন/ এস
বাংলাদেশ সময়: ১৮:৩৫:৩১ ১৩ বার পঠিত | ● জয়পাড়া ফুটপাত উচ্ছেদ ● দোহারে ভ্রাম্যমাণ আদালত ● নওশীনা আরিফ