ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ভেড়ামারা কলেজের ছয় পদক, ক্রিকেটে সেমিফাইনাল

জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ভেড়ামারা কলেজের ছয় পদক, ক্রিকেটে সেমিফাইনাল


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬


জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ভেড়ামারা কলেজের ছয় পদক, ক্রিকেটে সেমিফাইনাল

কুষ্টিয়া: জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর খুলনা বিভাগীয় পর্যায়ে অ্যাথলেটিকসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজ। গোলক ও চাকতি নিক্ষেপে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বিভিন্ন ইভেন্টে রানার্সআপ ও তৃতীয় স্থান অর্জন করেছেন কলেজের শিক্ষার্থীরা। এ ছাড়া কলেজের ছাত্র ক্রিকেট দল টুর্নামেন্টের সেমিফাইনালে অংশ নিয়েছে। এসব সাফল্যে কলেজের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
বিভাগীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মান জানাতে সোমবার ভেড়ামারা সরকারি কলেজ কর্তৃপক্ষ সংবর্ধনার আয়োজন করে। এতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুস সাত্তার, ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েলসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত খুলনা বিভাগীয় পর্যায়ের অ্যাথলেটিকস প্রতিযোগিতা খুলনার সরকারি ব্রজলাল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সেখানে গোলক ও চাকতি নিক্ষেপ—দুটি ইভেন্টেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ভেড়ামারা সরকারি কলেজের ছাত্রী আছিয়া আনান মিথিলা।

অ্যাথলেটিকসে ৪০০ মিটার দৌড় ও দীর্ঘ লাফ—দুটি ইভেন্টেই রানার্সআপ হন কলেজের ছাত্র ছোটন আহম্মেদ। ২০০ মিটার দৌড়ে তৃতীয় স্থান অর্জন করেন ছাত্র আল আমিন। দীর্ঘ লাফে রানার্সআপ হন কলেজের ছাত্রী সুমাইয়া আক্তার।

কলেজের এ সাফল্যের পেছনে অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুস সাত্তারের নেতৃত্ব, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে তাঁর গুরুত্বারোপ এবং ক্রীড়া কার্যক্রমে ধারাবাহিক উৎসাহ ও দিকনির্দেশনাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েলের প্রত্যক্ষ তদারকি, প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ততা এবং প্রতিযোগীদের প্রস্তুতিতে তাঁর ভূমিকার কথাও জানিয়েছেন কলেজ-সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৮:৪১:৪৩   ২৫ বার পঠিত  | ●   ●   ●   ●