ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » পাবনা হাসপাতালের কোয়ার্টারে চুরি, খোয়া গেছে স্বর্ণালংকার ও ৪০ হাজার টাকা

পাবনা হাসপাতালের কোয়ার্টারে চুরি, খোয়া গেছে স্বর্ণালংকার ও ৪০ হাজার টাকা


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬


পাবনা হাসপাতালের কোয়ার্টারে চুরি, খোয়া গেছে স্বর্ণালংকার ও ৪০ হাজার টাকা

পাবনা: চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সারোয়ার আহমেদ সোহাগের কোয়ার্টারে এ চুরির ঘটনা ঘটে।
শুক্রবার থেকে রোববারের মধ্যে যেকোনো সময় চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সারোয়ার আহমেদ। তাঁর দাবি, চোরেরা সোনা ও রুপার গহনাসহ নগদ টাকা নিয়ে গেছে। তবে হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্য থাকার পরও কীভাবে এমন চুরি হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সারোয়ার আহমেদ সোহাগ শুক্রবার বাসায় তালা দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় যান। রোববার রাতে ফিরে এসে তিনি দরজার তালা ভাঙা দেখতে পান। ঘরের ভেতরে আলমারি ও ড্রেসিং টেবিলের তালাও ভাঙা ছিল। চোরচক্র দুই ভরি সোনার গহনা, চার ভরি রুপার গহনা ও নগদ প্রায় ৪০ হাজার টাকা নিয়ে যায়।

হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে দুইজন নৈশপ্রহরী ও আনসার সদস্য থাকা সত্ত্বেও এমন চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী সারোয়ার আহমেদ সোহাগ। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেবাশীষ সাহা বলেন, হাসপাতাল চত্বরটি অনেক বড়। ১০ জন আনসার সদস্যকে রোস্টার অনুযায়ী দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। আনসার সদস্যের সংখ্যা কিছুটা বাড়ানো হলে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা যেত। চুরির বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩৫:২৪   ১৫ বার পঠিত  | ●   ●   ●