ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ডের জন্য বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ শুরু

আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ডের জন্য বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ শুরু


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬


আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ডের জন্য বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ শুরু

ফরিদপুর: নারীর ক্ষমতায়ন, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে আলফাডাঙ্গায় তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় তথ্যসংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য যাচাই-বাছাই করে যোগ্য পরিবার নির্বাচন এবং তাদের কর্মসূচির সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় আলফাডাঙ্গা উপজেলা মিনি কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস সেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুল আলম, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন ও সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির।

সংবাদ সম্মেলনে ইউএনও মো. জোবায়ের হাবিব জানান, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালিত হবে। এতে কোনো ধরনের স্বজনপ্রীতি করা হবে না। এ বিষয়ে কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন ইউএনও মো. জোবায়ের হাবিব।

বাংলাদেশ সময়: ২০:৩৯:১৩   ১৪ বার পঠিত  | ●   ●   ●