ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে পাইকগাছায় তিন ইউনিয়নের কর্মীদের ট্যাব বিতরণ

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে পাইকগাছায় তিন ইউনিয়নের কর্মীদের ট্যাব বিতরণ


পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬


ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে পাইকগাছায় তিন ইউনিয়নের কর্মীদের ট্যাব বিতরণ

খুলনা: ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহের জন্য খুলনার পাইকগাছায় তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তিনটি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের হাতে এসব ট্যাব তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব এসএম এমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সাবেক জেলা বিএনপির সদস্য জিএম মিজানুর রহমান মিজানসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুল মজিদ বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার হলো ফ্যামিলি কার্ড কর্মসূচি। তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের মধ্যে ট্যাব বিতরণের মাধ্যমে এ কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সফল করতে নির্ভুল ও স্বচ্ছতার সঙ্গে তথ্য সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

বাংলাদেশ সময়: ২০:৪৪:৪৮   ১৬ বার পঠিত  | ●   ●   ●   ●