ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর, বাইরে বিক্ষোভ

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর, বাইরে বিক্ষোভ


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬


উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর, বাইরে বিক্ষোভ

ঢাকা: রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

হামলার বিষয়ে জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘সকালে নাশতা করছিলাম। এমন সময় হঠাৎ করে চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়। সকালবেলা হওয়ার কারণে তখন বাসায় তেমন কেউ ছিল না। জানালার কাচ ভেঙে ড্রয়িংরুমে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে। বাসার গেটে তালা লাগানো থাকায় কেউ ভেতরে ঢুকতে পারেনি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর। তিনি বলেন, ‘আজ বেলা ১১টার দিকে অচেনা নম্বর থেকে ফোন করে বলা হয়, জি এম কাদেরের বাসায় হামলা হয়েছে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে গিয়েছি। তবে কাউকে পাইনি। সাধারণ জনতার ব্যানারে ৩০-৪০ জন ওই বাসায় হামলা চালিয়েছে। তারা বাইরে থেকেই ঢিল ছুড়ে ভাঙচুর করেছে। তবে ভেতরে কেউ ঢুকতে পারেনি। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।’

হামলার সময় জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন ‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’ ব্যানারের কয়েকজন। জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি এবং ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে তাঁরা জি এম কাদেরের দ্রুত গ্রেপ্তার দাবি করেন। বিক্ষোভকারীরা বাসার সামনের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর বিচার দাবি করেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:২৭:৩৯   ২০ বার পঠিত  | ●   ●   ●   ●