ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
পিরোজপুর: জেলার কাউখালীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপজেলা শাখার উদ্যোগে দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে ‘হাঁস-মুরগি পালন’ বিষয়ক তিন দিনব্যাপী আয়বর্ধক প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিআরডিবি মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুম মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোমা সরকার এবং উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জিনারুল ইসলাম। প্রশিক্ষণে উপজেলার মোট ৩০ জন প্রান্তিক নারী অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণ দিতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, “গ্রামের নারীরা কেবল গৃহস্থালি কাজের মধ্যেই সীমাবদ্ধ না থেকে অল্প পুঁজিতে হাঁস-মুরগি পালন করে কীভাবে খুব সহজেই নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারেন, আমরা সেই পথটিই এ প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করার চেষ্টা করছি। অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি সমাজে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে নারীদের সচেতন ও সোচ্চার হতে হবে। একজন সচেতন ও স্বাবলম্বী নারীই পারে তার পরিবার তথা পুরো সমাজকে বদলে দিতে।”
প্রশিক্ষণে অংশ নেওয়া নারী রিপা আক্তার ও মুন্নি বেগম নিজেদের অনুভূতি প্রকাশ করে জানান, এ ধরনের প্রশিক্ষণে অংশ নিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। হাঁস-মুরগি পালনের সঠিক পদ্ধতি এবং অল্প পুঁজিতে স্বাবলম্বী হওয়ার অনেক অজানা তথ্য তারা জানতে পেরেছেন। এসব জ্ঞান ভবিষ্যতে নিজেদের পায়ে দাঁড়াতে তাদের দারুণভাবে সাহায্য করবে।
বাংলাদেশ সময়: ১৮:৫৩:১৯ ৪ বার পঠিত | ● কাউখালীতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ ● দরিদ্র নারীদের কর্মসংস্থান ● বিআরডিবি পিরোজপুর