ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে সিএনজি উল্টে প্রাণ গেল নারীর, হাসপাতালে স্বামীসহ ৩ জন

চাটমোহরে সিএনজি উল্টে প্রাণ গেল নারীর, হাসপাতালে স্বামীসহ ৩ জন


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬


চাটমোহরে সিএনজি উল্টে প্রাণ গেল নারীর, হাসপাতালে স্বামীসহ ৩ জন

পাবনা: চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে হাসিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামীসহ আরও তিনজন আহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে চাটমোহর-টেবুনিয়া আঞ্চলিক সড়কের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিনা খাতুন ঈশ্বরদী উপজেলার দিকমারী দেওয়ানপাড়া এলাকার মোস্তফা মোল্লার স্ত্রী। আহতরা হলেন নিহতের স্বামী ও একই এলাকার মৃত মকছেদ মোল্লার ছেলে মোস্তফা মোল্লা এবং আকাজ উদ্দিনের ছেলে আব্দুল হামিদ ও মিনহাজ উদ্দিন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে হাসিনা খাতুনসহ অন্য যাত্রীরা একটি সিএনজিচালিত অটোরিকশায় টেবুনিয়া থেকে চাটমোহরের দিকে যাচ্ছিলেন। পথে মূলগ্রাম ইউনিয়নের ভবানীপুর মোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় অটোরিকশাটি সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হাসিনা খাতুনের মৃত্যু হয়।

স্থানীয়রা গুরুতর আহত অন্য যাত্রীদের উদ্ধার করে প্রথমে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:৫৬:০০   ৬ বার পঠিত  | ●   ●   ●