ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬


মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ব্রাহ্মণবাড়িয়া: মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকেও বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। তাই মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) নবীনগরের সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে ‘মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের মাদক থেকে দূরে রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা জরুরি। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। কোনো শিক্ষার্থী মাদকের ঝুঁকিতে পড়লে তাকে অবহেলা বা অপমান না করে সচেতনতা, সহমর্মিতা ও প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে সঠিক পথে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।

কলেজ গভর্নিং বডির সভাপতি মোজাম্মেল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রভাষক মো. গোলাম কিবরিয়া ও প্রভাষক বাকির আহম্মেদ হামিম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব ইসলাম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহীন মিয়া ও শিবপুর ইউপি চেয়ারম্যান এম. আর. মুজিব।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম বর্ষের শিক্ষার্থী রাহিবুল ইসলাম মারুফ ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুক্তা আক্তারসহ অন্যরা।

সভায় শিক্ষক-শিক্ষার্থীরা মাদকমুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় মাদকের কুফল সম্পর্কে ব্যাপক প্রচার, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা প্রশাসক মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৯:১৮:৫৯   ২১ বার পঠিত  | ●   ●   ●   ●