![]()
ঠাকুরগাঁও: পলি জমে ভরাট হয়ে যাওয়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদীর কদমতলী মৎস্য অভয়াশ্রমে পর্যাপ্ত পানি নেই। দেখা দিয়েছে প্রাকৃতিক খাদ্যসংকটও। এতে হুমকির মুখে পড়েছে দেশীয় প্রজাতির হাজারো মা মাছ। মৎস্য বিভাগ জানিয়েছে, সমস্যা সমাধানে তারা কাজ করছে।
দেশীয় প্রজাতির মাছের নিরাপদ প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে ২০০১ সালে পীরগঞ্জের দৌলতপুর ইউনিয়নের বনুয়াপাড়া এলাকায় টাঙ্গন নদীর বাঁকে কদমতলী মৎস্য অভয়াশ্রম গড়ে তোলে মৎস্য বিভাগ। সেখানে রুই, কাতলা, শোল, বোয়াল, আইড়, চিতল, কই, টেংরা, পুঁটিসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মা মাছ আশ্রয় নেয়। প্রজনন মৌসুমে নদীতে পর্যাপ্ত পানি থাকলে এসব মাছ নদীর বিভিন্ন স্থানে ডিম ছেড়ে আবার অভয়াশ্রমে ফিরে আসে।
মৎস্য বিভাগ ও মৎস্যজীবীদের নিবিড় পরিচর্যায় বর্তমানে অভয়াশ্রমটিতে বড় বড় মা মাছ বিচরণ করছে। তবে দীর্ঘদিন ধরে খনন না হওয়ায় পলি জমে অভয়াশ্রমটি অনেকটা ভরাট হয়ে গেছে। ফলে পানির পরিমাণ কমে যাওয়ার পাশাপাশি মাছের খাবারের সংকটও দেখা দিয়েছে। এতে অভয়াশ্রমের হাজারো মা মাছ হুমকির মুখে পড়েছে।
কদমতলী মৎস্য অভয়াশ্রমের সভাপতি ফজলুল করিম জানান, সেখানে ৩০ থেকে ৫০ কেজি ওজনের কয়েক হাজার মা বোয়াল, আইড়, চিতল, রুই ও কাতলা মাছ রয়েছে। পানি কমে যাওয়ায় মাছগুলো মাঝেমধ্যে পানির ওপরে ভেসে উঠছে। স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারছে না।
অভয়াশ্রমের সহসভাপতি এন্তাজুল হক জানান, পানির পাশাপাশি মাছের প্রাকৃতিক খাবারও কমে গেছে। এতে মা মাছগুলোর দেহ শুকিয়ে যাচ্ছে এবং মাথার আকার বড় হয়ে গেছে।
পরিবেশ নিয়ে কাজ করা পীরগঞ্জ সুজনের সভাপতি নসরতে খোদা রানা জানান, কদমতলী মৎস্য অভয়াশ্রম রক্ষা করা না গেলে একসময় এ অঞ্চলের খাল-বিল ও নদী-নালায় দেশীয় প্রজাতির মাছ পাওয়া যাবে না। এতে পরিবেশেরও বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে।
পানি ও খাদ্যসংকটের কথা স্বীকার করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আকতার জানান, দেশীয় প্রজাতির মা মাছের নিরাপদ আশ্রয়স্থল কদমতলী মৎস্য অভয়াশ্রম। দীর্ঘদিন ধরে খনন না হওয়ায় পলি জমে সেখানে পানির পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে গেছে। একই সঙ্গে দেখা দিয়েছে খাবারের অভাব। তবে প্রাথমিকভাবে কিছু খাবার সরবরাহ করা হয়েছে।
সম্প্রতি মৎস্য অভয়াশ্রমটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মৎস্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক শাহনেওয়াজ সিরাজী। তিনি বলেন, মা মাছের প্রজননক্ষেত্র রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার জানান, পীরগঞ্জে দেশীয় প্রজাতির মা মাছের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল কদমতলী মৎস্য অভয়াশ্রম তিনি সরেজমিনে পরিদর্শন করবেন। অভয়াশ্রমটির খননসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।
ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ জানান, দেশীয় মাছের বংশবৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষায় অভয়াশ্রমটি টিকিয়ে রাখতে মৎস্য কর্মকর্তা ও ইউএনওকে সরেজমিনে পরিদর্শন করে খননকাজসহ কী কী সহায়তা প্রয়োজন, তা জানাতে বলা হয়েছে। অভয়াশ্রমটি রক্ষায় প্রয়োজনীয় সহায়তা চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯:২৪:১৮ ৫ বার পঠিত | ● কদমতলী মৎস্য অভয়াশ্রম ● টাঙ্গন নদী ● ঠাকুরগাঁও মৎস্য বিভাগ ● পীরগঞ্জের মা মাছ