ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » জয়পাড়া কলেজে নবীনবরণে রিজভী-আবু আশফাক, জ্বালানি সংকট নিয়ে যা বললেন

জয়পাড়া কলেজে নবীনবরণে রিজভী-আবু আশফাক, জ্বালানি সংকট নিয়ে যা বললেন


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬


জয়পাড়া কলেজে নবীনবরণে রিজভী-আবু আশফাক, জ্বালানি সংকট নিয়ে যা বললেন

ঢাকা: ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে জয়পাড়া কলেজ শাখা ছাত্রদল।

২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণি এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

রুহুল কবির রিজভী বলেন, দেশের রাজনৈতিক অঙ্গন অস্থিতিশীল করার নানা চেষ্টা চলছে। গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক দলগুলো কর্মসূচি পালন ও নিজেদের বক্তব্য তুলে ধরতে পারে। তবে এসব কর্মসূচির উদ্দেশ্য স্পষ্ট হওয়া প্রয়োজন।

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেল, ডিজেল ও জ্বালানি সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। এসব জ্বালানি দেশের কলকারখানা ও কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংকট মোকাবিলায় সরকার বাজেটের অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিদ্যুৎ খাতের সমালোচনা করে রিজভী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় কুইক রেন্টাল ও ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে অনিয়মের সুযোগ তৈরি হয়েছিল। বিদ্যুৎ খাতের দায়মুক্তি আইন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি তুলে ধরে রিজভী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড ও হেলথ কার্ডের মতো উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে সরকার। তাঁর দাবি, এসব কর্মসূচির লক্ষ্য প্রান্তিক ও দরিদ্র মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা।

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। জনগণের স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষায় সরকারের নেওয়া উদ্যোগগুলো আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি হাশেম বেপারী, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের খান, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ও সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এস এম কুদ্দুস এবং কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৌমিক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদুল্লাহসহ অনেকে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২১:৪৮:১০   ৩২ বার পঠিত  | ●   ●   ●   ●