ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গার ৪৩ পূজামণ্ডপে ২৭০ আনসার মোতায়েন, বিশেষ নজর ৬টিতে

আলফাডাঙ্গার ৪৩ পূজামণ্ডপে ২৭০ আনসার মোতায়েন, বিশেষ নজর ৬টিতে


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬


আলফাডাঙ্গার ৪৩ পূজামণ্ডপে ২৭০ আনসার মোতায়েন, বিশেষ নজর ৬টিতে

ফরিদপুর: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ বছর উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৪৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ২৭০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ছয়টি পূজামণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে একটি নির্দেশনামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে সমাবেশে দুর্গাপূজায় দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় করণীয় সম্পর্কে সদস্যদের নির্দেশনা দেওয়া হয়।

সমাবেশে বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমান ও আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সরোয়ার। এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিদা খাতুন এবং টিআই অর্পনা রানী ঘোষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে প্রতিটি পূজামণ্ডপে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মণ্ডপের সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখার পাশাপাশি সন্দেহজনক কোনো ঘটনা বা পরিস্থিতি দেখা দিলে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

তাঁরা আরও বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা যাবে না। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সদস্যদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনাও দেওয়া হয়।

উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও আনসার-ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৪৩টি পূজামণ্ডপের মধ্যে ছয়টিকে অধিক গুরুত্বপূর্ণ এবং বাকি ৩৭টিকে গুরুত্বপূর্ণ ও সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তায় মোট ২৭০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যরা সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পূজা চলাকালে আনসার সদস্যদের পাশাপাশি পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার রাখা হবে। কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও থাকবে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, আগামী ১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত আট দিনব্যাপী দুর্গাপূজা উদ্‌যাপনের কথা রয়েছে। পূজার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মণ্ডপে নিরাপত্তাব্যবস্থা বজায় রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনের এ উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাঁদের ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এন/ এস

বাংলাদেশ সময়: ২১:৫৮:২৪   ৫ বার পঠিত  | ●   ●   ●