![]()
ভোলা: লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের চলাচলের সুবিধার্থে বিনামূল্যে তিনটি হুইলচেয়ার দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আবু মাহমুদ তালহা সাদীর ব্যক্তিগত উদ্যোগ ও যোগাযোগের মাধ্যমে এসব হুইলচেয়ার সংগ্রহ করা হয়।
বৃহস্পতিবার হুইলচেয়ার তিনটি স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হয়। এর মধ্যে একটি পুরুষ ওয়ার্ডে, একটি মহিলা ওয়ার্ডে এবং অন্যটি জরুরি বিভাগে রাখা হয়েছে।
লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মাহমুদ তালহা সাদী বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে বয়স্ক নারী-পুরুষ ও জরুরি রোগীদের এক স্থান থেকে অন্য স্থানে, বিশেষ করে বেডে নেওয়ার জন্য কোনো হুইলচেয়ার ছিল না। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি লক্ষ করছিলেন। পরে রোগীদের সুবিধার কথা বিবেচনা করে হুইলচেয়ার সংগ্রহের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন।
তিনি জানান, এ বিষয়ে তাঁর আত্মীয়ের প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য বিনামূল্যে তিনটি হুইলচেয়ার দেওয়ার ব্যবস্থা করে। ইউএইচএফপিও ফোরাম অব বাংলাদেশের উদ্যোগে এমএআরসি ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃহস্পতিবার হুইলচেয়ারগুলো স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করা হয়।
মুক্তিযোদ্ধা আব্দুর রহিম চৌধুরী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগী ও হাসপাতালে হুইলচেয়ারসহ নানা ধরনের উপকরণ দিয়ে আসছে। লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি হুইলচেয়ার দেওয়ায় ফাউন্ডেশনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. আবু মাহমুদ তালহা সাদী।
বাংলাদেশ সময়: ২২:০৫:০৬ ৪ বার পঠিত | ● বিনামূল্যে হুইলচেয়ার ● মুক্তিযোদ্ধা আব্দুর রহিম চৌধুরী ফাউন্ডেশন ● লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স