![]()
পটুয়াখালী: জেলার দশমিনা উপজেলায় তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করায় চার জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল, সন্ধ্যা ও রাত পর্যন্ত উপজেলা প্রশাসন, নৌপুলিশ ফাঁড়ি ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়।
অভিযানকালে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলার ও ১ লাখ ২০ হাজার মিটার অবৈধ ইলিশ জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন পটুয়াখালীর দশমিনা উপজেলার গছানী ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামের মোঃ সুজন হাওলাদার (৩০) ও মোঃ মনির হোসেন গাজী (৩৫)। অপর দুজন হলেন একই উপজেলার আউলিয়াপুর গ্রামের বাদশা চৌকিদার (৩৫) ও নাসির সরদার (৩০)।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদ হাসান মৃধা জানান, উপজেলা প্রশাসন, নৌপুলিশ, দশমিনা থানা, মৎস্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হচ্ছে।
তিনি জানান, অভিযানে এ পর্যন্ত প্রায় ১ লাখ ২০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা। বৃহস্পতিবার সকালে দুই আসামিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে আরও দুজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধার করা জাল ধ্বংস করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
এন/এস
বাংলাদেশ সময়: ২২:৩০:৫৬ ৩৪ বার পঠিত | ● অবৈধ ইলিশ জাল ● তেঁতুলিয়া নদী ● পটুয়াখালীতে ইলিশ শিকার ● মা ইলিশ সংরক্ষণ অভিযান