![]()
ঢাকা: সাভারে তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন ইতালি প্রবাসী কাজী জাবের হোসেন (৩৪)। গত বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্য ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। এ ঘটনায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর বাবা বাচ্চু কাজী।
নিখোঁজ কাজী জাবের সাভার পৌরসভার সবুজবাগ এলাকার বাসিন্দা। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ইতালিতে বসবাস করেন। গত ৫ অক্টোবর তিনি পরিবার নিয়ে দেশে আসেন।
জাবেরের বাবা বাচ্চু কাজী জানান, গত বুধবার বেলা ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন তাঁর ছেলে। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ হয়নি। ওই দিন রাত ১১টার দিকে জাবের তাঁর মোবাইল ফোনের ইমো নম্বরে একটি বার্তা পাঠান। সেখানে লেখা ছিল, ‘আমি ভালো আছি, সকালে বাসায় ফিরব’। তবে এরপর আর কোনো যোগাযোগ করেননি তিনি। তাঁর ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
বাচ্চু কাজী বলেন, ছেলে নিখোঁজ হওয়ার পর তাঁর বন্ধু ও আত্মীয়স্বজনের কাছে খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু কেউ তাঁর সন্ধান দিতে পারেননি। তাঁদের পরিবারের সঙ্গে কারও কোনো বিরোধ নেই। হঠাৎ করে ছেলে নিখোঁজ হওয়ায় তাঁরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। জাবের কোনো বিপদে পড়েছেন কি না, তা নিয়েও উদ্বিগ্ন পরিবারের সদস্যরা।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, ইতালি প্রবাসীর নিখোঁজের ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাঁকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।
বাংলাদেশ সময়: ২৩:২০:৫৩ ২০ বার পঠিত | ● ইতালি প্রবাসী নিখোঁজ ● কাজী জাবের হোসেন ● সাভার মডেল থানা ● সাভারে নিখোঁজ