ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় শতকণ্ঠে গীতাপাঠ, শতাধিক শিশুকে শারদীয় উপহার

আগৈলঝাড়ায় শতকণ্ঠে গীতাপাঠ, শতাধিক শিশুকে শারদীয় উপহার


আজাদ রহমান,স্টাফ রিপোর্টার (আগৈলঝাড়া)
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬


আগৈলঝাড়ায় শতকণ্ঠে গীতাপাঠ, শতাধিক শিশুকে শারদীয় উপহার

বরিশাল: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় সনাতন ধর্মাবলম্বী শিশুদের অংশগ্রহণে শতকণ্ঠে গীতাপাঠ ও শারদীয় উপহার হিসেবে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে সুদশন চক্র ফাউন্ডেশন। ফাউন্ডেশনের আহ্বায়ক বাপ্পি হালদারের সভাপতিত্বে শতকণ্ঠে গীতাপাঠ শেষে উপজেলার বিভিন্ন গ্রামের ১০টি গুরুকুল স্কুলের শতাধিক শিশু শিক্ষার্থীর মধ্যে শারদীয় উপহার হিসেবে পোশাক বিতরণ করা হয়। উপহারের মধ্যে ছেলেদের জন্য শার্ট-প্যান্ট এবং মেয়েদের জন্য টু-পিস ছিল।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্যসচিব দীনেশ চন্দ্র হালদার, শশিকর কলেজের সহকারী অধ্যাপক জ্যোতিন্ময় বৈরাগী এবং বাকাল ইউনিয়ন বিএনপির সদস্যসচিব সুরজিত পান্ডে বাপ্পি।

এ ছাড়া বক্তব্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন বালা, কোদালধোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রীতা হালদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অনিমেষ হালদার, কোদালধোয়া গ্রামের স্থানীয় বাসিন্দা জুয়েল দাস এবং সুদশন চক্র ফাউন্ডেশনের শিক্ষা সেলের প্রধান পংকজ হালদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় যুবক সুদীপ্ত সরকার উন্নয়ন।

অনুষ্ঠানে পতিহার গ্রামের গুরুকুল স্কুলের শিক্ষক স্বপন সরকার শতাধিক শিশু শিক্ষার্থীকে একসঙ্গে গীতাপাঠ করান।

সুদশন চক্র ফাউন্ডেশন গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রামে গুরুকুল স্কুল পরিচালনা করে আসছে। এসব প্রতিষ্ঠানে ৫ থেকে ১০ বছর বয়সী শিশুদের সনাতন ধর্মীয় শিক্ষা দেওয়া হয়।

আয়োজকেরা জানিয়েছেন, ভবিষ্যতে দেশের বিভিন্ন উপজেলার গ্রামেও গুরুকুল স্কুল প্রতিষ্ঠা করা হবে।

অনুষ্ঠানে আগৈলঝাড়া উপজেলার পাকুরিতা, কোদালধোয়া, সরবাড়ি, পতিহার, আমবাড়ি, পশ্চিম বাগধা, রামানন্দের আঁক, বাহাদুরপুর, সোমাইরপাড় ও পশ্চিম গোয়াইল গ্রামের গুরুকুল স্কুলের শিশু শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সুধীজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৪২:৩৮   ৪০ বার পঠিত  | ●   ●   ●