ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে পূর্বশত্রুতার জেরে ইউনিয়ন বিএনপির নেতা সরোয়ার হোসেনের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
আহত সরোয়ার হোসেন কাউখালী সদর ইউনিয়নের বড় বিড়ালজুরি গ্রামের অলিউর রহমানের ছেলে। তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
স্থানীয় সূত্র ও আহত ব্যক্তির অভিযোগ অনুযায়ী, শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সরোয়ার হোসেন মোটরসাইকেলে করে তাঁর বোনের পারিবারিক মালামাল খুলনাগামী একটি গাড়িতে তুলে দিতে নৈকাঠির দিকে যাচ্ছিলেন। পথে কাউখালী সদর ইউনিয়নের নৈকাঠি সেতুসংলগ্ন এলাকায় পৌঁছালে একই এলাকার এনায়েত হোসেনের ছেলেরা প্রথম দফায় তাঁর ওপর হামলা চালান।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নৈকাঠি বাজারে নিয়ে গেলে সেখানে এনায়েত হোসেনের তিন ছেলে, তাঁদের এক কর্মচারীসহ আরও কয়েকজন তাঁর ওপর দ্বিতীয় দফায় হামলা চালান। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে স্থানীয়রা আহত সরোয়ারকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে একজন আসামিকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৭ অক্টোবর) তাঁকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:৪৭:৩৬ ১৮ বার পঠিত | ● কাউখালী থানা ● কাউখালীতে বিএনপি নেতার ওপর হামলা ● সরোয়ার হোসেন