![]()
ঠাকুরগাঁও: পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয়বিষয়ক সভায় তিন ইউনিয়নের পূজা মনিটরিং কমিটির আহ্বায়ক কর্মকর্তা অনুপস্থিত থাকায় তাঁদের শোকজ করার নির্দেশ দিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। শনিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানীর সরদারকে এ নির্দেশ দেন তিনি।
সভায় সেনগাঁও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সৈয়দপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম এবং বৈরচুনা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন অনুপস্থিত ছিলেন। তাঁদের ছাড়া দায়িত্বপ্রাপ্ত অন্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
তিন কর্মকর্তার অনুপস্থিতি ও শোকজের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানীর সরদার বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী এ সভার আয়োজন করা হয়। তবে অনুপস্থিত কর্মকর্তারা কেন সভায় আসেননি, সে বিষয়ে তাঁকে কেউ অবহিত করেননি। সংসদ সদস্য নিজে সভায় উপস্থিত ছিলেন। সরকারি এ গুরুত্বপূর্ণ সভায় তিন কর্মকর্তা অনুপস্থিত থাকার কারণ দর্শানোর জন্য সভা থেকেই চিঠি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
ইউএনও জানান, শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সরকার বিশেষ নির্বাহী আদেশে দিনটিকে কর্মদিবস ঘোষণা করেছে।
ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয়বিষয়ক এ গুরুত্বপূর্ণ সরকারি সভায় তাঁদের অনুপস্থিতি সরকারকে অসহযোগিতা করার শামিল। এ কারণে কর্মকর্তাদের অনুপস্থিতির কারণ দর্শানোর জন্য ইউএনওকে অনুরোধ করেছেন তিনি।
উল্লেখ্য, এবার পীরগঞ্জ উপজেলায় ১২২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৫০টি মণ্ডপ অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত।
বাংলাদেশ সময়: ১৯:৩০:০৭ ১৮ বার পঠিত | ● জাহিদুর রহমান জাহিদ ● ঠাকুরগাঁও-৩ আসন ● তিন কর্মকর্তাকে শোকজ ● পীরগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা