ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » চট্রগ্রাম » মেয়েকে উত্ত্যক্তের বিচার চেয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত বাবা

মেয়েকে উত্ত্যক্তের বিচার চেয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত বাবা


ছাগলনাইয়া ( ফেনী ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬


মেয়েকে উত্ত্যক্তের বিচার চেয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত বাবা

ফেনী: ফেনীর সোনাগাজীতে কিশোরী মেয়েকে উত্ত্যক্তের বিচার চাওয়ায় তার বাবা মনোয়ারুল ইসলামকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চর লক্ষ্মীগঞ্জ গ্রামের জরবা পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে গুরুতর আহত মনোয়ারুল ইসলাম (৪৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
স্বজন, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী মনোয়ারুল ইসলামের মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। মাদ্রাসায় যাতায়াতের পথে একই গ্রামের অটোরিকশাচালক মোহাম্মদ ফারুক তাকে উত্ত্যক্ত করে আসছিলেন। ফারুকের অশ্লীল কথাবার্তা ও অঙ্গভঙ্গিতে অতিষ্ঠ হয়ে মেয়েটি বিষয়টি মা-বাবাকে জানায়। তাঁরা ফারুকের বড় ভাই ও স্বজনদের কাছে বিচার চান। এতে ক্ষিপ্ত হয়ে ফারুক আরও বেশি উত্ত্যক্ত করতে থাকেন। একপর্যায়ে বাধ্য হয়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয় মেয়েটি।

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষকে জানান কিশোরীর বাবা মনোয়ারুল ইসলাম। অধ্যক্ষ ফারুককে ডেকে বকাঝকা করে সতর্ক করেন। গত বৃহস্পতিবার রাতে জরবা পুকুর এলাকায় মনোয়ারুল ইসলামের ওপর হামলা করেন ফারুক ও তাঁর বড় ভাই তারেক। তাঁরা ধারালো ছোরা দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করেন। মনোয়ারুলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।

পরে তাঁকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। সেখান থেকে তাঁকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসাধীন মনোয়ারুলের বোন ফাতেমা আক্তার বলেন, তাঁর ভাতিজি বেশ কয়েকবার উত্ত্যক্তের বিষয়টি মাকে জানিয়েছিল। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে সে জানায়, আর মাদ্রাসায় যাবে না। বাধ্য হয়ে তাঁর ভাই মাদ্রাসার অধ্যক্ষকে বিষয়টি জানান। এ কারণে বখাটে ফারুক ও তারেক তাঁর ভাইকে একা পেয়ে রাতে কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ করেন তিনি।

ফাতেমা আক্তার আরও বলেন, মনোয়ারুলের সারা শরীরে ব্যান্ডেজ করা। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর মুখ, পেট, পিঠ, পা ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। সারা শরীরে মারধরের দাগও আছে। তাঁরা দ্রুত থানায় গিয়ে লিখিত অভিযোগ দেবেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম জানান, মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করেছিলেন বাবা। এ কারণে তাঁর ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক। স্বজনেরা চিকিৎসা নিয়ে ব্যস্ত রয়েছেন। তাঁদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:১৩:২৯   ১৮ বার পঠিত  | ●   ●   ●   ●