ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
ঢাকা: সাভারে নিখোঁজের সাত দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীর। গত রোববার নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় ছাত্রীর বাবা সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, গত রোববার সকাল ১১টার দিকে নিখোঁজ হয় ওই ছাত্রী। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজ কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
মেয়ের খোঁজ নিতে মাদ্রাসায় গেলে কর্তৃপক্ষের বিরুদ্ধে তাঁদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ করেছেন বাবা। তিনি বলেন, গত বৃহস্পতিবার পরিবারের সদস্যদের নিয়ে মেয়ের খোঁজ নিতে মাদ্রাসায় যান। এ সময় মেয়ের বিষয়ে জানতে চাইলে মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁদের ওপর চড়াও হয়। একপর্যায়ে মারধর করে মাদ্রাসা থেকে বের করে দেয়।
পুলিশ সূত্রে জানা যায়, মেয়ের নিখোঁজের ঘটনায় গত রোববার সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজ হওয়ার সময় ছাত্রীর পরনে মাদ্রাসার পোশাক ছিল।
এ বিষয়ে আজ শনিবার দুপুরে ছাত্রীর নিখোঁজের ঘটনা নিয়ে বক্তব্য জানতে মাদ্রাসায় গেলে নিরাপত্তারক্ষী আবু বক্কর জানান, ‘মাদ্রাসায় কর্তৃপক্ষের কেউ নেই।’
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
বাংলাদেশ সময়: ২৩:২৮:২২ ১১ বার পঠিত | ● নিখোঁজ ১২ বছরের কিশোরী ● মাদ্রাসা কর্তৃপক্ষ ● সাভার মডেল থানা ● সাভারে মাদ্রাসাছাত্রী নিখোঁজ