![]()
কিছুদিন আগে একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে হঠাৎ দুই তারকা অভিনেত্রীর বিকৃত ও আপত্তিকর ভিডিও পোস্ট করা হয়। ভিডিও দেখেই ধারণা করা হয়, সেগুলো এআই দিয়ে তৈরি। পরে চ্যানেল কর্তৃপক্ষ জানায়, তাদের ইনস্টাগ্রাম পেজটি হ্যাক হয়েছিল। হ্যাকাররাই এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করে তারা।
এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছিল টিভি চ্যানেলটি। তবে শুধু ‘ক্ষমা চাইলেই’ এ ধরনের ঘটনার দায় এড়ানো যায় না বলে ক্ষোভ প্রকাশ করেছেন ভিডিওর শিকার অভিনেত্রী পরীমনি। তিনি জানান, বিকৃত ভিডিওটি অনেক আগের। তবে এবার ওই চ্যানেলের পেজের মাধ্যমে সেটি দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। তাই বিষয়টি নিয়ে শুধু ‘সরি’ বলাই যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি।
![]()
গতকাল রাতে ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে নেটিজেনদের একাংশের ‘নোংরামি’রও কড়া সমালোচনা করেন তিনি। ক্ষোভের বশে কয়েকবার গালিও দেন।
চ্যানেলটির প্রতিক্রিয়া প্রসঙ্গে পরীমনি বলেন, ‘ওরা এতবড় পাওয়ারফুল একটা মিডিয়া, ১১ ঘণ্টা তো ঝুলেই ছিল। তো প্রমাণ করতে পারল না? নিজেদের কন্ট্রোলে নিতে পারল না? আইন, এত প্রশাসন এগুলো দিয়ে কি সম্ভব ছিল না? এর বিপরীতে আপনি মোটেও বলতে পারেন না, পেজ হ্যাক হয়েছে। তাহলে আমিও বলি, আমার পেজ হ্যাক হয়েছে!’
নিন্দুকদের উদ্দেশে খোঁচা দিয়ে পরী বলেন, ‘তোমরা যখন ভিডিওটি নিয়ে এত মাতামাতি করছিলে, তখন আমার ইচ্ছে হচ্ছিল একটি খোলামেলা ফটোশুট করে ফেলি।’
পরীমনির মতে, যাঁদের বোধবুদ্ধি রয়েছে, তাঁরা ভিডিওটি দেখে এড়িয়ে গেছেন। আর যাঁদের মানসিকতা নিচু, তাঁরাই বিষয়টি নিয়ে নেতিবাচক চর্চা করেছেন। তিনি বলেন, “দিনশেষে ভিডিওটা আমিও দেখলাম, সকলেই দেখল। দেখার পর যারা এভয়েড করার দরকার, তারা স্কিপ করেছে। আর যারা এই ভিডিওকে নিজেদের জীবন, যৌবন, নিঃশ্বাস বানিয়ে ফেলেছে, তারা অনলাইনে এসেই এটা নিয়ে কথা বলছে। দেখা গেল, কেউ হজের পোস্ট করল, তার কমেন্ট বক্সেও গিয়ে লিখেছে, ‘পরীমনির লিংক আছে আমার কাছে’। মানে, তার জীবনের অর্জন যেন এটুকুই। ভুয়া একটা জিনিস নিয়ে তোমার এই অবস্থা, আসল হলে কী করতে!”
ওই লাইভে পরীমনি আরও অনেক কথা বলেন। তবে পরে নিজের পেজ থেকে লাইভটি মুছে ফেলেন তিনি। আজ সকালে এ নিয়ে একটি স্ট্যাটাসও দেন। সেখানে লেখেন, ‘ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।’
প্রসঙ্গত, পরীমনি সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের একটি ওয়েব সিনেমায় অভিনয় করেছেন। ‘সেপারেশন’ নামের সিনেমাটিতে তাঁর সঙ্গে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ।
এন/এস
বাংলাদেশ সময়: ২৩:৪৬:৪০ ১৩ বার পঠিত | ● ইনস্টাগ্রাম পেজ হ্যাক ● এআই বিকৃত ভিডিও ● পরীমনি ● সেপারেশন ওয়েব সিনেমা