ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্গাপূজায় অর্থ সহায়তা ও গেঞ্জি দিলেন আল-আমিন

ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্গাপূজায় অর্থ সহায়তা ও গেঞ্জি দিলেন আল-আমিন


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬


ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্গাপূজায় অর্থ সহায়তা ও গেঞ্জি দিলেন আল-আমিন

ফরিদপুর: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা ও স্বেচ্ছাসেবকদের মধ্যে গেঞ্জি বিতরণ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও ইতালিপ্রবাসী মো. আল-আমিনের উদ্যোগে এবং অর্থায়নে এসব সহায়তা দেওয়া হয়।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার বানা ও পাঁচুড়িয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে মণ্ডপ পরিচালনা কমিটির নেতাদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের মধ্যে আল-আমিনের ছবি সংবলিত গেঞ্জি বিতরণ করা হয়।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জ্যেষ্ঠ বিএনপি নেতা খোসবুর রহমান খোকনের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, উপজেলা শ্রমিক দলের সভাপতি এস এম মাহমুদুল হাসান ইয়াদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান খানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

পরিদর্শনকালে নেতারা বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। একই সঙ্গে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের শুভেচ্ছা গেঞ্জি দেওয়া হয়।

এ বিষয়ে ইতালিপ্রবাসী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আল-আমিন বলেন, “আলফাডাঙ্গা উপজেলার সব ধর্মের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় থাকুক—এটাই আমার প্রত্যাশা। ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গাপূজা সবার জীবনে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে আনুক। পূজামণ্ডপের সার্বিক ব্যবস্থাপনা ও স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করতে আমার পক্ষ থেকে সামান্য সহযোগিতার উদ্যোগ নিয়েছি। আমি সব সময় আলফাডাঙ্গার মানুষের পাশে থাকতে চাই। মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আমি চাই, আলফাডাঙ্গার মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলেমিশে বসবাস করুক। একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়াক। এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যাশা রাখি। মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পেলে সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে তা পালনের চেষ্টা করব।”

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষ যেন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যেই আল-আমিনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের আশা, এলাকার উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে আল-আমিন ভবিষ্যতেও মানুষের পাশে থাকবেন।

অন্যদিকে, পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতারা এ সহায়তার জন্য মো. আল-আমিন এবং কর্মসূচিতে অংশ নেওয়া রাজনৈতিক নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, উৎসবের সময় এ ধরনের সহযোগিতা পূজামণ্ডপের আয়োজক ও স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করবে।

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশার মধ্য দিয়ে পূজামণ্ডপ পরিদর্শন ও সহায়তা বিতরণ কার্যক্রম শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৯:১০:০৪   ৩ বার পঠিত  | ●   ●   ●   ●