ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
কুড়িগ্রাম: জেলার উলিপুরে মোকসেদ আলী ওরফে বাচ্চু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের কিশামত মধুপুর খামার গ্রামের পণ্ডিতপাড়া এলাকায় তাঁর ভাতিজার বাড়ির একটি শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাতিজার ছেলে রাব্বি মিয়ার (৩০) বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
নিহত মোকসেদ আলী ওরফে বাচ্চু মিয়া রংপুরের মাহিগঞ্জ থানার নব্দীগঞ্জ কলাবাড়ি এলাকার মৃত সজর উদ্দিন সরকারের ছেলে। রংপুর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসে তিনি তাঁর ভাতিজা মিঠু মিয়ার বাড়িতে অবস্থান করছিলেন।
নিহতের বড় বোন মাজেদা বেগম অভিযোগ করে বলেন, “আমার ভাইকে ভাতিজা মিঠু মিয়ার ছেলে রাব্বি মিয়া হত্যা করেছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।”
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) গভীর রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে হত্যাকাণ্ডের খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, বাচ্চু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলা দায়ের ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৯:২৫:২৯ ১০ বার পঠিত | ● উলিপুরে বৃদ্ধ হত্যা ● কুড়িগ্রামে খণ্ডিত মরদেহ উদ্ধার ● মোকসেদ আলী বাচ্চু মিয়া ● রাব্বি মিয়া