![]()
পাবনা: নেশার টাকা না পেয়ে মাকে কাস্তে দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের লক্ষ্মীকোল জোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
নিহত সূর্য খাতুন (৫০) ওই গ্রামের লোকমান সরদারের স্ত্রী। আটক ছেলের নাম উদ্দিন সরদার (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উদ্দিন মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করতেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সূর্য খাতুন রান্না করছিলেন। এ সময় মায়ের কাছে নেশার টাকা চান উদ্দিন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রান্নাঘরে থাকা কাস্তে দিয়ে মায়ের গলা কেটে পালিয়ে যান তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গোপন তথ্যের ভিত্তিতে বেলা ১১টার দিকে পাশের আব্দুল হাকিমের বাড়ি থেকে উদ্দিনকে আটক করা হয়। পুলিশ জানায়, ওই বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাস্তেটিও জব্দ করা হয়েছে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্ত মাদকাসক্ত ছেলেকে আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্রটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ২০:৩১:৪৪ ১৫ বার পঠিত | ● উদ্দিন সরদার ● নেশার টাকার জন্য হত্যা ● পাবনায় মাকে হত্যা