ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
ঠাকুরগাঁও: আবেদন করা বদলির ফল দ্রুত প্রকাশের দাবিতে ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদের কাছে আবেদন করেছেন দেশের বিভিন্ন স্থানে কর্মরত পীরগঞ্জের এমপিওভুক্ত শিক্ষকরা।
মঙ্গলবার দুপুরে সংসদ সদস্যের কার্যালয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত স্কুল ও কলেজশিক্ষকদের পক্ষে আবেদনপত্র জমা দেন সুনামগঞ্জের জগন্নাথপুরে কর্মরত গণিতের শিক্ষক মজাহিদুল ইসলাম হিরু ও রসায়নের শিক্ষক বদরুদ্দুজা আলম, হবিগঞ্জে কর্মরত রসায়নের শিক্ষক মো. আমিন আলী, মো. জামাল, বগেন চন্দ্র রায়, মো. পিয়ারুল হক, নাসিমা বেগম ও আবু সাঈদ।
এ সময় শিক্ষকরা বলেন, এনটিআরসিএর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত অনেক বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক নিজ জেলা, উপজেলা তথা জন্মভূমি থেকে শত শত কিলোমিটার দূরে কর্মরত রয়েছেন। বর্তমান সরকারের উদ্যোগে শূন্যপদের ভিত্তিতে বদলির ব্যবস্থা চালু হওয়ায় দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের নতুন আশা তৈরি হয়েছে। সেই আশায় অনেক শিক্ষক ইতোমধ্যে বদলির আবেদনও করেছেন। কিন্তু বদলির ফল প্রকাশের প্রত্যাশিত সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তা প্রকাশিত হয়নি। এতে দূর-দূরান্তে কর্মরত শিক্ষকদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
তাঁরা আরও বলেন, অনেক শিক্ষক নিজ বাড়ি থেকে ৫০০, ৭০০ এমনকি ৮০০ কিলোমিটার দূরে চাকরি করছেন। পরিবারের কাছ থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকায় অনেকের দাম্পত্য কলহ ও পারিবারিক জীবনে গভীর সংকট তৈরি হচ্ছে। অনিশ্চয়তা ও মানসিক চাপ তাঁদের স্বাভাবিক জীবনযাপনও কঠিন করে তুলছে। ফলে প্রতিনিয়ত সীমাহীন কষ্ট ও প্রতিকূলতার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে তাঁদের।
আবেদনে উল্লেখ করা হয়, একজন শিক্ষক শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান করেন না; তিনি কারও সন্তান, কারও স্বামী বা স্ত্রী এবং কোনো সন্তানের শ্রদ্ধাশীল বাবা বা মা। অথচ দূরে কর্মরত থাকার কারণে অনেক শিক্ষক বৃদ্ধ ও অসুস্থ বাবা-মায়ের পাশে থাকতে পারছেন না। সন্তানদের বেড়ে ওঠাও কাছ থেকে দেখা হচ্ছে না তাঁদের। পরিবারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতেও অংশ নিতে পারছেন না। এমনকি বাবা-মা ও অন্যান্য প্রিয়জনের অসুস্থতা কিংবা মৃত্যুর সময় শেষবারের মতো পাশে থাকা, জানাজা বা সৎকারে অংশ নেওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন অনেক শিক্ষক।
আবেদনে আরও বলা হয়, দূরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত নারী শিক্ষকদের ক্ষেত্রে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার কষ্ট অনেক সময় আরও বেশি। নিজের সন্তান, পরিবার ও কর্মস্থলের দায়িত্ব একসঙ্গে সামলাতে গিয়ে তাঁদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। শিক্ষক সমাজের এই মানবিক সংকট নিরসনে বদলির ফল প্রকাশ এখন অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হয়ে উঠেছে।
এমপিওভুক্ত স্কুল ও কলেজশিক্ষকদের আবেদন করা বদলির ফল দ্রুত প্রকাশে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পাশাপাশি বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন এবং প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করার জন্য সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদের সহযোগিতা কামনা করেন শিক্ষকরা। তাঁদের মতে, এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হলে হাজারো শিক্ষক পরিবার-পরিজনের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাবেন, বৃদ্ধ বাবা-মায়ের পাশে দাঁড়াতে পারবেন এবং সন্তানদের নিয়ে স্বস্তিতে জীবনযাপন করতে পারবেন। এতে তাঁদের জীবনে নতুন আশার সঞ্চার হবে।
বাংলাদেশ সময়: ২০:৪২:৩৯ ৩০ বার পঠিত | ● এনটিআরসিএ শিক্ষক ● এমপিওভুক্ত শিক্ষকদের বদলি ● জাহিদুর রহমান জাহিদ ● বদলির ফল প্রকাশ