ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
ভোলা: চরফ্যাসন উপজেলার দুলারহাটে এক লাখ টাকা পাওনা চাওয়াকে কেন্দ্র করে নুরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক নারী ইউপি সদস্য ছালেহা বেগমকে (৬০) কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার পর দুলারহাট ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে দুলারহাট বাজারের মুদি ব্যবসায়ী জাফর সাবেক নারী ইউপি সদস্য ছালেহা বেগমের কাছ থেকে এক লাখ টাকা ধার নেন। রোববার সন্ধ্যায় পাওনা টাকা ফেরত চাইতে ছালেহা বেগম ইউনিয়ন পরিষদ ভবনের সামনে জাফরের কাছে যান। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে জাফর ও তাঁর ভাইসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাঁকে উদ্ধার করে দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নাম প্রকাশ না করার শর্তে দুলারহাট বাজারের এক ব্যবসায়ী বলেন, “অভিযুক্ত জাফর সাধারণ মানুষের কাছ থেকে সুদে ও ধারে টাকা নিয়ে ব্যবসা করেন। পরে প্রভাব দেখিয়ে সেই টাকা না দেওয়ার জন্য বিভিন্ন বাহানা বানান। বাজারে এ ধরনের ঘটনা তিনি প্রায়ই ঘটিয়ে থাকেন।”
অভিযোগের বিষয়ে জানতে ব্যবসায়ী জাফরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ঘটনায় দুলারহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী ছালেহা বেগমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০:৫৬:৪১ ১০ বার পঠিত | ● চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ● ছালেহা বেগম ● দুলারহাটে হামলা ● পাওনা টাকা নিয়ে বিরোধ