ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম
• অসহায় ভাববেন না, দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে স্পিকার মেজর হাফিজ • শাড়িতে হাত মুছেই ভাইরাল কাজল, ভক্তরা বলছেন ঘরের মেয়ে • সাইবার হয়রানিতে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘ঝামেলা নিয়েই চলে যেতে হবে’ • সৌদি আরবে ১০ মাসে ১৯০ জনের মৃত্যুদণ্ড, ৮০ জনই বিদেশি • ইশরাকের অস্ত্র প্রদর্শন নিয়ে শফিকুর রহমানের মন্তব্য, ‘ভালো নিয়তেই করেছেন হয়তো’ • ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধ, ফসল ও গাছ কাটার অভিযোগে মানববন্ধন • রাজশাহীর জনসভায় তারেক রহমানের দাবি, শ্রমিক অসন্তোষে অর্থ দিচ্ছে পলাতক স্বৈরাচার • ৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩, বিএনপির অন্তর্কোন্দলেই ৪০ • কুষ্টিয়ায় গৃহবধূর মুখে হারপিক ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ স্বামী-শাশুড়ির বিরুদ্ধে • রাজশাহীর ৩৮ হাজার ৯০০ আখচাষির জন্য ১২ কোটি টাকা প্রণোদনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধ, ফসল ও গাছ কাটার অভিযোগে মানববন্ধন

ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধ, ফসল ও গাছ কাটার অভিযোগে মানববন্ধন


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধ, ফসল ও গাছ কাটার অভিযোগে মানববন্ধন

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, শাকসবজি ও কলাগাছ কেটে ফেলা, ধানের চারা নষ্ট করা, পুকুরের মাছ নিয়ে যাওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এসব ঘটনার বিচার, জমি দখলের অপচেষ্টা বন্ধ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুল্লাপাড়া গ্রামে গ্রামীণ সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কেটে ফেলা ধানখেতের পাশে ‘জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে মানববন্ধন’ লেখা ব্যানার নিয়ে এতে নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুরা অংশ নেন। এ সময় তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

ভুক্তভোগী আব্দুল হাই (৫৫) ওই গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে। একই গ্রামের প্রয়াত গিয়াস উদ্দিনের ছেলে নোমানের (৪০) সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে বলে জানা গেছে।

আব্দুল হাইয়ের অভিযোগ, প্রতিপক্ষের লোকজন এর আগেও একাধিকবার তাঁদের জমি দখলের চেষ্টা করেছেন। এ নিয়ে তাঁর পরিবারের সদস্যরা মারধরের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁর করা ১৯৫/২৪ নম্বর মামলাটি বর্তমানে বিচারাধীন। তাঁর অভিযোগ, মামলাটি তুলে নিতে তাঁকে বারবার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

আব্দুল হাইয়ের ভাষ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজন তাঁদের বসতবাড়িতে হামলা চালান। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তাঁকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হলে তাঁর স্ত্রী সামনে গিয়ে তাঁদের চলে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন তাঁদের লাগানো শিম, পেঁপে, লাউ ও বেগুনগাছসহ বিভিন্ন সবজি ও কলাগাছ কেটে ফেলেন বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তাঁদের দখলে থাকা জমিতে রোপণ করা কাঁচা ধানও কেটে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন আব্দুল হাই।

তিনি আরও বলেন, ঘটনার সময় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিয়ে বলা হয়, এ নিয়ে মামলা করলে তাঁদের জমি জোর করে দখল করে নেওয়া হবে। স্ত্রীর মোবাইল ফোনে খবর পেয়ে বাড়িতে ফিরে তিনি বাগান ও ফসলের ক্ষেত তছনছ অবস্থায় দেখতে পান। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানোর পর ওই দিনই ছয়জনের নাম উল্লেখ করে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, জমি নিয়ে বিরোধ থাকলেও কারও ফসল নষ্ট করা, বসতবাড়িতে গিয়ে ভয়ভীতি দেখানো কিংবা জোর করে জমি দখলের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নোমান বলেন, বিরোধপূর্ণ জমিটি তিনি ১৯৮৪ সালে আব্দুল হাইয়ের চাচাতো ভাইয়ের কাছ থেকে কিনেছেন। ক্রয়সূত্রে জমিটির মালিক তিনি বলে দাবি করেন। জমিটি তাঁর বাবা গিয়াস উদ্দিনের নামে বিএসআর রেকর্ডভুক্ত রয়েছে বলেও জানান তিনি। গাছপালা কেটে ফেলার বিষয়ে নোমান বলেন, “আমরা আমাদের জায়গার গাছ কেটেছি। তাদের কোনো ক্ষতি বা গাছ কাটা হয়নি।”

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বাংলাদেশ সময়: ২১:৩৮:৩০   ১৪ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধ, ফসল ও গাছ কাটার অভিযোগে মানববন্ধন
● হাঁস নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বাসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত
● পাবনার সুজানগরে আগুনে ক্ষতিগ্রস্ত আট পরিবারকে শাড়ি দিলেন আজিম শেখ
● ত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্পিনিং মিলের দুই শ্রমিকের, আহত ৯
● শেরপুরে সংঘর্ষের জেরে মাজার গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ



আর্কাইভ