![]()
ময়মনসিংহ: তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসাসেবা, অবকাঠামো, জনবল ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি সাধারণ রোগীদের সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্য খাতকে অবহেলা করেছে। চুরি ও লুটপাটের মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে। এর ফলে দেশের স্বাস্থ্য খাতে নানা সমস্যার সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে ইনডোর স্বাস্থ্যসেবা চালু না থাকায় স্থানীয় জনগণের ভোগান্তির বিষয়টি তুলে ধরা হলে মন্ত্রী জানান, এখানে অবিলম্বে ইনডোর স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, “আমরা উনার নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করছি। বিগত কয়েক মাস আমাদের স্বাস্থ্যখাতের যে দুরবস্থা, তা বুঝতে গিয়েই পার হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে আমরা উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সক্ষম হবো এমনটাই আশা করছি।”
তিনি আরও বলেন, এ লক্ষ্যেই স্বাস্থ্যসেবা খাতের সব বিষয় পর্যবেক্ষণ করা হচ্ছে। স্বাস্থ্যসেবার প্রতিটি স্তরের কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হচ্ছে। বিশেষ করে উপজেলা পর্যায়ে সাধারণ মানুষ যাতে সহজে প্রয়োজনীয় সরকারি স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের সময় ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফখরুল হাসান, তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিমু সাহা, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোবারক হোসেনসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, তাঁর সফরসঙ্গী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮:০৪:০০ ৭ বার পঠিত | ● ইনডোর স্বাস্থ্যসেবা ● তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ● সরদার সাখাওয়াত হোসেন ● স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়