![]()
খুলনা: মহানগরীর টুটপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন মুদি দোকানি ধনঞ্জয় কুন্ডু ওরফে আকাশ কুণ্ড। শনিবার রাতে টুটপাড়া গাছতলা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ধনঞ্জয় কুন্ডু ওই এলাকার শিবপদ কুন্ডুর ছেলে।
এর আগে, শনিবার বেলা সোয়া ১১টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে দুর্বৃত্তদের গুলিতে আহত হন যুবদল নেতা রামিম বিশ্বাস।
গুলিবিদ্ধ রামিমও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং পারহাজী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৭টার দিকে মহানগরীর টুটপাড়া গাছতলা মন্দিরের প্রবেশপথের একটি দোকানে বসে ছিলেন আকাশ কুণ্ডু। এ সময় মোটরসাইকেলে আসা দুই যুবক তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তাঁর পেটে বিদ্ধ হয়।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৫৬:৩২ ৪ বার পঠিত | ● আকাশ কুণ্ডু ● খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ● খুলনায় গুলির ঘটনা ● রামিম বিশ্বাস