ঢাকা    রবিবার, ২৫ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » শিরোনাম » আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট

আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


ফেসবুক পোস্ট ঘিরে আলোচনায় জামালগঞ্জের এসিল্যান্ড, ঢাকায় চিকিৎসাধীন

সুনামগঞ্জ: জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল রহমান শান্তর ফেসবুক আইডি থেকে ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক দায়ী থাকবেন’ লিখে একটি পোস্ট দেওয়া হয়েছে। এ ঘটনার পর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন তাঁর শ্বশুর।
শিল্পী রানী মোদক জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। পোস্টটি প্রকাশের পর ইউএনওর দপ্তর থেকে জানানো হয়, তাঁর ফোন হ্যাক হয়েছিল। এ বিষয়ে ছড়ানো গুজবে কান না দেওয়ার আহ্বানও জানানো হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ইউএনও শিল্পী রানী মোদকের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন এসিল্যান্ড আরিফুল রহমান শান্ত ও তাঁর স্ত্রী সাদিয়া মৌ সূচনা। অনুষ্ঠান শেষে এসিল্যান্ড তাঁর স্ত্রীকে ইউএনওর কক্ষে রেখে বাইরে বের হন। এর কিছুক্ষণ পর তাঁর সরকারি ফেসবুক আইডি থেকে ওই পোস্ট দেওয়া হয়। বিষয়টি ইউএনও জেলা প্রশাসনকে জানান।

এরপর এসিল্যান্ডের সরকারি বাসভবনে তাঁর অস্বাভাবিক আচরণ এবং নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের সঙ্গে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তিনি বাসায় কাচের গ্লাস ভাঙেন এবং দায়িত্বে থাকা দুই আনসার সদস্যের সঙ্গে মারমুখী আচরণ করেন। এ সময় একজন আনসার সদস্যকে মারধর করেন এবং তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলেন।

খবর পেয়ে ইউএনও শিল্পী রানী মোদক, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুল বাতেন এবং ভূমি কার্যালয়ের নাজির সাব্বির আহমেদ এসিল্যান্ডের বাসভবনে যান। তবে এসিল্যান্ডের স্ত্রী অন্যদের ভেতরে প্রবেশ করতে না দিয়ে শুধু চিকিৎসককে ভেতরে যাওয়ার অনুরোধ জানান।

চিকিৎসক আব্দুল বাতেন জানান, এসিল্যান্ডের স্ত্রী তাঁকে ‘হেলোসিন’ ও ‘পারকিনিল’ নামের দুটি ইনজেকশনের কথা বলেন। জামালগঞ্জে সেগুলো পাওয়া না যাওয়ায় বিকল্প একটি ইনজেকশন দেওয়া হয়। তবে তাতে প্রত্যাশিত ফল না পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেটে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। পরে রাতেই তাঁকে সিলেটে নেওয়া হয়।

আব্দুল বাতেন বলেন, ইউএনওর ফোন পেয়ে তিনি দ্রুত এসিল্যান্ডের বাসায় যান। স্থানীয়ভাবে নির্দিষ্ট ইনজেকশন দুটি পাওয়া না যাওয়ায় বিকল্প ওষুধ দেওয়া হয়েছিল। কিন্তু তাতে অবস্থার উন্নতি না হওয়ায় তিনি উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানোর পরামর্শ দেন।

জামালগঞ্জ থানার ওসি বন্দে আলী মিয়া বলেন, ইউএনওর ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে ইউএনও, চিকিৎসক ও অন্যদের সঙ্গে এসিল্যান্ডের বাসায় যান। এসিল্যান্ডের স্ত্রীর সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, এর আগেও অন্য কর্মস্থলে থাকাকালে এসিল্যান্ডের এমন অস্বাভাবিক আচরণের ঘটনা ঘটেছিল।

ইউএনও শিল্পী রানী মোদক বলেন, আরিফুল রহমান শান্ত প্রায় দুই মাস আগে জামালগঞ্জে যোগ দিয়েছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ—এমন তথ্য আগে জানলেও তাঁর মানসিক অসুস্থতার বিষয়ে শুক্রবারই জানতে পারেন।

ইউএনওর ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এসিল্যান্ড এক আনসার সদস্যকে মারধর করেন এবং ছোট শিশুদের দিকে মারতে তেড়ে যান। এসিল্যান্ডের স্ত্রী তাঁকে জানিয়েছেন, বৃহস্পতিবার বেহেলীতে পানিতে ডুবে মারা যাওয়া এক শিশুর মরদেহ দেখার পর থেকেই তাঁর আচরণে পরিবর্তন দেখা দেয়।

এসিল্যান্ডের শ্বশুর মহসিন মিয়া জানান, আরিফুল রহমান শান্ত ঢাকার পান্থপথ এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁর স্ত্রী সঙ্গে রয়েছেন। শিশুর মরদেহ দেখার পর থেকেই শান্ত অসুস্থ হয়ে পড়েন বলে দাবি করেন তিনি। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালো রয়েছে বলেও জানান মহসিন মিয়া।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান বলেন, শুক্রবার গভীর রাতে জামালগঞ্জের ইউএনও বিষয়টি জেলা প্রশাসককে জানান। ইউএনওর সঙ্গে এসিল্যান্ডের কোনো বিরোধ ছিল না বলে তিনি উল্লেখ করেন। তাঁর ভাষ্য, এসিল্যান্ড আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। পানিতে ডুবে মারা যাওয়া শিশুর মরদেহ দেখার পর তাঁর অসুস্থতা বেড়ে যায়।

অতিরিক্ত জেলা প্রশাসক আরও জানান, এসিল্যান্ড বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর স্ত্রী জানিয়েছেন, তিনি এখন সুস্থ আছেন।

বাংলাদেশ সময়: ২৩:১০:১৪   ১০ বার পঠিত  | ●   ●   ●   ●