![]()
মাসখানেক আগে একটি বিজ্ঞাপনে পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়েন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ট্রোল করা হয়। সেই বিতর্ক নিয়ে নিজের মতামত জানিয়ে কৃতি বলেছেন, বিষয়টি শুধু তাঁর পোশাককে ঘিরে নয়; এর পেছনে রয়েছে নারীদের প্রতি সমাজের বৈষম্যমূলক মনোভাব।
সম্প্রতি কারিনা কাপুর খানের ইউটিউব শোয়ে অতিথি হয়ে বিজ্ঞাপন ঘিরে বিতর্ক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘৃণা নিয়ে কথা বলেন কৃতি। তাঁর অভিযোগ, ভারতীয় সংস্কৃতি ও সম্মানের কথা বলা ব্যক্তিদের একাংশই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বাবা-মা ও বোনকে অশ্রাব্য ভাষায় আক্রমণ করেছেন।
এ প্রসঙ্গে প্রশ্ন তুলে কৃতি বলেন, ‘এত ঘৃণা কেন! আমি সাধারণত পোস্টের নিচে মন্তব্য পড়ি না। কিন্তু কখনো কখনো মানুষ সংস্কৃতি ও সম্মানের কথা বলেন। আশ্চর্যের বিষয়, তাঁরা আমার বাবা-মা ও বোনের পোস্টে সবচেয়ে নোংরা, অকথ্য ভাষায় মন্তব্য করেছেন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের ঘর বন্ধ করে রাখার পরামর্শও পেয়েছিলেন কৃতি। তাঁর বোনসহ অনেকে তাঁকে এ পরামর্শ দিয়েছিলেন। তবে তিনি তা করেননি। কৃতির কথায়, ‘আমার বোনসহ অনেকে আমাকে মন্তব্যের ঘর বন্ধ করে রাখার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আমি সেটা করিনি। আমার মনে হয়, নারীদের নিজেদের জন্য সরব হওয়া জরুরি। এই মানুষগুলোকে কে অধিকার দিয়েছে এমন মন্তব্য করার? আর কিসের ভিত্তিতে এমন কথা বলেন তাঁরা?’
রাখির বিজ্ঞাপন ঘিরে বিতর্কের বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী। তাঁর মতে, বিষয়টি শুধু তাঁকে নিয়ে নয়; এর পেছনে আরও বড় সামাজিক সমস্যা রয়েছে।
কৃতি বলেন, ‘সাধারণত আমি কোনো বিষয়ে কিছু বলি না। কিন্তু আমার মনে হয়েছিল, এই বিতর্কটা শুধু আমাকে নিয়ে নয়। এর পেছনে আরও বড় একটা বিষয় রয়েছে। আমার মনে হয়, নারীদের সব সময় সবকিছুর জন্য বিচার করা হয়। ছোটখাটো বিষয়েও শুধু নারীদের নিশানা করা হয়। কী পোশাক পরবে, সে খুব বেঁটে না লম্বা, সে অন্তঃসত্ত্বা কি না—এগুলো কী? তবে এটা একান্তই আমার মতামত।’
সমাজে নারী-পুরুষের বৈষম্য ও পিতৃতান্ত্রিক মানসিকতা নিয়েও সরব হয়েছেন কৃতি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘অভিনেতারা সবচেয়ে সহজ নিশানা। একাধিক মানুষের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। আমরাও মানুষ, এ সব আমাদেরও আঘাত করে। সমাজে যে লিঙ্গবৈষম্য রয়েছে এবং পিতৃতান্ত্রিক মানসিকতা যেভাবে গভীরভাবে শিকড় তৈরি করেছে, তা নিয়ে আমি খুবই সরব। এই মানসিকতা ভাঙতে হলে বারবার আঘাত করতে হবে, তবেই তা ভাঙবে।’
কৃতিকে সর্বশেষ দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়। এতে তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন শাহিদ কাপুর ও রাশমিকা মান্দানা।
সূত্র: আনন্দবাজার অনলাইন
বাংলাদেশ সময়: ২২:৩৩:০০ ১০ বার পঠিত | ● কৃতি শ্যানন ● নারীবিদ্বেষ ● পিতৃতান্ত্রিক মানসিকতা ● পোশাক বিতর্ক