ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, আশঙ্কাজনক স্কুলছাত্র

পিরোজপুরে বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, আশঙ্কাজনক স্কুলছাত্র


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


পিরোজপুরে বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, আশঙ্কাজনক স্কুলছাত্র

পিরোজপুর: বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে নাঈম হাসান (১৬) নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে কাউখালী থেকে আমড়াজুড়ি ফেরিঘাট যাওয়ার পথে কাউখালী-স্বরূপকাঠি সড়কের ধোপাবাড়ি মোড় এলাকায় কেন্দ্রীয় আশ্রমসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহত নাঈম হাসান উপজেলার আশপদ্দি গ্রামের হাফিজুর রহমানের ছেলে। সে স্থানীয় সদর ইউনিয়নের জয়কুল আদর্শ কারিগরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নাঈম মোটরসাইকেল নিয়ে আমড়াজুড়ি ফেরিঘাটের দিকে যাচ্ছিল। ধোপাবাড়ি মোড়ে পৌঁছালে সে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা খায়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ হাসান জানান, আহত স্কুলছাত্রের মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ক্ষোভ প্রকাশ করে জানান, বর্তমানে কম বয়সি কিশোর ও যুবকেরা নিয়মকানুন না মেনে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছে। ফলে সড়ক দুর্ঘটনা বাড়ছে এবং মূল্যবান প্রাণ ঝরে পড়ছে। অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানো বন্ধে এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

বাংলাদেশ সময়: ২১:৩২:০৫   ৭ বার পঠিত  | ●   ●   ●   ●