![]()
পটুয়াখালী: মা ইলিশ রক্ষায় পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ছয় জেলেকে গ্রেফতার করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে চার দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
গতকাল সোমবার সকাল ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে গ্রেফতার জেলেদের কাছ থেকে পাঁচ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ইলিশ স্থানীয় একটি এতিমখানায় দিয়ে দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন বাউফলের কেশবপুর ইউনিয়নের আবদুল আজিজের ছেলে বেল্লাল আকন (৪২), সুলতানের ছেলে পারভেজ (২৮), নাসিরের ছেলে শাকিল (২০), কাদেরের ছেলে ইমরান (২৮), কাশেম হাওলাদারের ছেলে কালাম (৪৫) এবং সুলতান মৃধার ছেলে রিপন মৃধা (৩৬)।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েদ মাহমুদ বুলবুল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন। অভিযানে নেতৃত্ব দেন বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ। এ সময় পুলিশের কর্মকর্তাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজননক্ষেত্র সুরক্ষায় নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গতকাল রাত সাড়ে ১০টায় বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েদ মাহমুদ বুলবুল বলেন, মা ইলিশ রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা কার্যকরে কাউকে ছাড় দেওয়া হবে না। মৎস্যসম্পদ রক্ষায় জেলেসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২:১০:১৯ ৩৭ বার পঠিত | ● তেঁতুলিয়া নদী ● বাউফলে মা ইলিশ অভিযান ● সাইয়েদ মাহমুদ বুলবুল ● ৬ জেলের কারাদণ্ড