ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জে তারেক হত্যা মামলার প্রধান আসামি সাহেল গ্রেপ্তার

নবীগঞ্জে তারেক হত্যা মামলার প্রধান আসামি সাহেল গ্রেপ্তার


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


\ নবীগঞ্জে তারেক হত্যা মামলার প্রধান আসামি সাহেল গ্রেপ্তার

হবিগঞ্জ: নবীগঞ্জে চাঞ্চল্যকর তারেক হত্যা মামলার প্রধান পলাতক আসামি সাহেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। দামি আইফোনের লোভে বন্ধুকে হত্যা ও মরদেহ গুমের অভিযোগে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে চৌশতপুর এলাকার একটি চায়ের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেনের দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন এসআই জয়ন্ত কুমার রায় তালুকদার। অভিযানে পুলিশের একটি দল অংশ নেয়। গ্রেপ্তার সাহেল মিয়া চৌশতপুর গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে। নিহত তারেক একই গ্রামের মারফত উল্লাহর ছেলে। জানা গেছে, তাঁরা দুজন বন্ধু ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে বন্ধুত্বের সুবাদে সাহেল ও তারেক লাখাই উপজেলায় যান।

এ সময় তারেকের কাছে একটি দামি আইফোন ছিল। অভিযোগ অনুযায়ী, ওই আইফোনের লোভেই সাহেল মিয়া বন্ধুকে হত্যা করে মরদেহ লাখাই এলাকার একটি খালে ফেলে দেন।

এদিকে, কয়েক দিন ধরে তারেক নিখোঁজ থাকায় তাঁর পরিবার কোনো সন্ধান পায়নি। পরে তারা নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর পুলিশি তদন্ত ও অভিযানের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেপ্তারের পর সাহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের মরদেহ উদ্ধারের জন্য নবীগঞ্জ থানার ওসি মো. আবুল হোসেন ও এসআই জয়ন্ত কুমার রায় তালুকদারসহ পুলিশের একটি দল লাখাই থানায় যায়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি মো. আবুল হোসেন।

বাংলাদেশ সময়: ২২:৩২:২৬   ৭ বার পঠিত  | ●   ●   ●