ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
পিরোজপুর: ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্য সামনে রেখে কাউখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক কৌশল শেখানোসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার কাজী হারুন আর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠনের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ফয়সাল খান শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক কৌশল ও প্রয়োজনীয় সময় সম্পর্কে ব্যবহারিক শিক্ষা দেন। তাঁরা সাবান দিয়ে ধাপে ধাপে কীভাবে হাত পরিষ্কার করতে হয় এবং কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হয়, তা শিক্ষার্থীদের সামনে প্রদর্শন করেন।
পরে ইউএনও রেহেনা আক্তারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও রেহেনা আক্তার বলেন, “শিশুরাই আমাদের ভবিষ্যতের রূপকার। স্বাস্থ্যসম্মত জীবনযাপনের প্রথম ও প্রধান ধাপ হলো হাত ধোয়ার সঠিক অভ্যাস গড়ে তোলা। কেবল খাওয়ার আগে বা টয়লেট ব্যবহারের পরেই নয়, যেকোনো জীবাণুমুক্ত থাকার জন্য সঠিক নিয়মে হাত ধোয়া অত্যন্ত জরুরি। আজ আমরা শিক্ষার্থীদের প্র্যাকটিক্যালি হাত ধোয়ার কৌশল শিখিয়ে দিয়েছি, যাতে তারা নিজেরা এটি মেনে চলে এবং ঘরে গিয়ে তাদের পরিবার ও প্রতিবেশীদের সচেতন করতে পারে। প্রতিটি শিশুই যেন স্বাস্থ্য সুরক্ষায় এক একজন ‘হাত ধোয়ার নায়ক’ হয়ে উঠতে পারে, এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান, কাজী হারুন আর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথিকা সাহা, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম মনির, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি এনামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বাংলাদেশ সময়: ২২:২৬:১২ ৫ বার পঠিত | ● কাউখালী পিরোজপুর ● বিশ্ব হাত ধোয়া দিবস ● রেহেনা আক্তার ● হাত ধোয়ার সঠিক কৌশল