ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
ফরিদপুর: মরিশাস প্রবাসী আকাশ মিয়াকে নিয়ে মিথ্যা ও অপমানজনক কথাবার্তার প্রতিবাদ করায় তাঁর পরিবারের তিন সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে প্রবাসীর আপন ভাই, বোন ও চাচাতো ভাই গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ৩টার দিকে আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকার ছিরু খন্দকারের মুদি দোকানের সামনে পাকা রাস্তায় দাঁড়িয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি মরিশাস প্রবাসী আকাশ মিয়াকে নিয়ে আপত্তিকর ও অপমানসূচক কথাবার্তা বলছিলেন। ওই পথ দিয়ে যাওয়ার সময় প্রবাসীর চাচাতো ভাই উজ্জ্বল মিয়া নাটু (৪০) বিষয়টি শুনতে পান এবং তাঁদের কুৎসা রটাতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে সংঘর্ষের সৃষ্টি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, ছিরু খন্দকারের নেতৃত্বে কামরুল খন্দকার, হাবিব খন্দকারসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে উজ্জ্বল মিয়া নাটুর ওপর হামলা চালান।
এ সময় তাঁর মাথায় সজোরে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। তাঁকে রক্ষা করতে প্রবাসী আকাশ মিয়ার ভাই শাওন মিয়া ও বোন জোসনা বেগম এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। এতে তাঁরাও আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উজ্জ্বল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্যদিকে, শাওন মিয়া ও জোসনা বেগম হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। খবর পেয়ে আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব সাহা হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন।\
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার জানান, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
এন/এস
বাংলাদেশ সময়: ২৩:০০:৫৫ ৩ বার পঠিত | ● আকাশ মিয়া ● আলফাডাঙ্গায় হামলা ● উজ্জ্বল মিয়া নাটু ● ফরিদপুরের আলফাডাঙ্গা