![]()
পাবনা: সুজানগরের দরিদ্র পরিবারের বহু ত্যাগ আর কষ্টের মধ্য দিয়ে গড়ে ওঠা রোমান হোসেন (২২) নামে এক অদম্য মেধাবী তরুণের জীবন প্রদীপ নিভে গেল মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায়। বুধবার দুপুর ১টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের জালালপুর রত্নদ্বীপ রিসোর্টের সামনে এক প্রাণঘাতী দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন,সহপাঠী এবং স্থানীয় এলাকার মানুষদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত রোমান হোসেন পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাকিমপুর গ্রামের বাসিন্দা শামসুর রহমান বাবু ও মোছা. রুমা আক্তার দম্পতির সন্তান। বাবা-মায়ের তিন সন্তানের মধ্যে রোমান ছিলেন সবার বড়। পারিবারিক সূত্রে জানা গেছে, নিজ বাড়ি থেকে এদিন সকালে পাবনার উদ্দেশ্যে রওনা দেন তিনি। পরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রোমান হোসেন উপজেলার নাজিরগঞ্জ স্কুল থেকে এসএসসি এবং উপজেলার মালিফা সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হন। নিজের কঠোর পরিশ্রম, অদম্য মেধা ও অধ্যবসায়ের জোরে উচ্চশিক্ষার পথে এগিয়ে যাচ্ছিলেন তিনি। রুমানের বাবা আর্থিকভাবে অসচ্ছল। স্থানীয় নাজিরগঞ্জ বাসস্ট্যান্ডে একটি ছোট চায়ের দোকানে যে আয় হয় সেটি দিয়েই পরিবারের ব্যয় মেটানোর পাশাপাশি ছেলেকে পড়াশুনা করাতেন। কিন্তু সংসারের হাজারো টানাটানি ও চরম অর্থনৈতিক সংকটের মধ্যেও রোমানের দরিদ্র পিতা কখনো তার সন্তানের লেখাপড়ার পথ বন্ধ হতে দেননি। নিজের সব কষ্ট আর অপ্রাপ্তি আড়াল করে ছেলের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে দিনরাত নিরলস পরিশ্রম করেছেন। বাবা-মায়ের একমাত্র স্বপ্ন ছিল, তাঁদের আদরের বড় সন্তান একদিন উচ্চশিক্ষা শেষ করে স্বাবলম্বী হবেন, নিজেদের অভাব দূর করবেন এবং পরিবারের মুখে হাসি ফোটাবেন। কিন্তু পিচঢালা রাজপথের নির্মম বাস্তবতায় সেই লালিত স্বপ্ন এক নিমেষেই ভেঙে চুরমার হয়ে গেল। যে সন্তানকে ঘিরে বেঁচে থাকার হাজারো আশা বেঁধেছিল একটি অসচ্ছল পরিবার, সেই প্রিয় সন্তানের চির বিদায়ে নিঃস্ব হলেন বাবা-মা। স্থানীয় বাসিন্দা হালিম ফকির জানান,এক সম্ভাবনাময় মেধাবী শিক্ষার্থীর এই অনাকাঙ্ক্ষিত বিদায় শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো সুজানগরবাসীর কাছে এক অপূরণীয় বেদনার ক্ষত তৈরি করেছে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোমান রিকশায় করে ঢাকা-পাবনা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। রিকশাটি রত্নদ্বীপ রিসোর্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী একটি বাস রিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে রোমান রিকশা থেকে ছিটকে বাসের সামনে পড়ে যান। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাসটি আটক রয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ০:৫৮:১৮ ৭ বার পঠিত | ● সড়কে ● সুজানগর ● স্বপ্ন থামল