ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারা কলেজ বাজারে শীতের সবজি, চড়া দামে ভোগান্তিতে ক্রেতারা

ভেড়ামারা কলেজ বাজারে শীতের সবজি, চড়া দামে ভোগান্তিতে ক্রেতারা


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬


\ ভেড়ামারা কলেজ বাজারে শীতের সবজি, চড়া দামে ভোগান্তিতে ক্রেতারা

কুষ্টিয়া:ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী কলেজ বাজারে শীতের আগাম সবজি উঠতে শুরু করেছে। তবে নতুন সবজির দেখা মিললেও চড়া দামের কারণে স্বস্তি পাচ্ছেন না সাধারণ ক্রেতারা। নতুন আলু ও দেশি টমেটো বিক্রি হচ্ছে বেশি দামে। অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ৬০ থেকে ১৪০ টাকার মধ্যে থাকলেও ঝিঙা, বেগুন, কাঁকরোল, শিম ও টমেটোর মতো কয়েকটি সবজির দাম ১০০ টাকার বেশি।

সবজির পাশাপাশি মাছের বাজারেও চড়া দাম বিরাজ করছে। বিশেষ করে নদী ও বিলের বড় আকারের মাছ এবং সামুদ্রিক মাছ কিনতে ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ভেড়ামারা কলেজ বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

সরেজমিনে দেখা যায়, কলেজ বাজারের সবজি, মাছ ও মুরগির বাজারে ক্রেতাদের তুলনামূলক বেশি খরচ করতে হচ্ছে। বিশেষ করে বড় আকারের মাছ, ইলিশ ও কয়েক ধরনের নতুন সবজি কিনতে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে তাঁদের।

বাজারের সবজি ব্যবসায়ী সাজেদুল জানান, বাজারে শীতের নতুন আলু উঠতে শুরু করেছে। প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। তিনি বলেন, বাজারে নতুন কোনো সবজি বা পণ্য উঠলে শুরুতে সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি থাকে। সরবরাহ বাড়লে দাম কমে আসবে।

তবে বাজারে সবজি কিনতে আসা ক্রেতা ফারুক আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, বিভিন্ন খবরের মাধ্যমে দেখা যায়, দেশের কোথাও কোথাও পাঁচ টাকা দিয়েও কেউ লাউ কিনছে না। অথচ ভেড়ামারার বাজারে ৬০ থেকে ৭০ টাকার নিচে কোনো লাউ পাওয়া যাচ্ছে না। অধিকাংশ সবজির দামই ১০০ টাকার আশপাশে। শীত এলে সাধারণত সবজির দাম কমার কথা, কিন্তু এবার বাজারে দেখা যাচ্ছে পুরো উল্টো চিত্র।

কলেজ বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকা, ঝিঙা ৯০ টাকা, লাউ ৬০ থেকে ৭০ টাকা, পটোল ৫০ টাকা, লম্বা বেগুন ৯০ টাকা এবং গোল বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া কাঁকরোল ৯০ টাকা, কচুমুখী ৬০ টাকা, মুলা ৬০ টাকা, ঢ্যাঁড়স ৭০ টাকা, গাজর ১৪০ টাকা, শিম ১০০ টাকা, সাধারণ টমেটো ১২০ টাকা এবং দেশি টমেটো ১৮০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে তুলনামূলক কম দামে কাঁচা মরিচ পাওয়া যাচ্ছে, প্রতি কেজি ৮০ টাকা। সবজির বাজারে কিছু পণ্যের দাম ১০০ টাকা ছাড়ালেও পেঁপে, মিষ্টিকুমড়া, ফুলকপি, বাঁধাকপি ও পটোল ৩০ থেকে ৬০ টাকার মধ্যে কিনতে পারছেন ক্রেতারা।

মুরগির বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। অন্যদিকে, সোনালি মুরগির দাম কেজিপ্রতি ৩০০ থেকে ৩২০ টাকা।

এদিকে, মাছের বাজারেও দামের ক্ষেত্রে বড় ধরনের পার্থক্য রয়েছে। তুলনামূলক কম দামে প্রতি কেজি পাঙাশ ২২০ থেকে ২৩০ টাকা এবং তেলাপিয়া ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া রুই মাছ ৩৫০ টাকা, পাবদা ৪০০ টাকা, চাষের শিং ৪০০ টাকা এবং বায়লা মাছ ৫০০ থেকে ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, বড় আকারের কাতল মাছের দাম কেজিপ্রতি ৫০০ থেকে ৭০০ টাকা, ট্যাংরা ৬০০ টাকা এবং বাইন মাছ ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা। বড় আকারের চিংড়ির দাম কেজিপ্রতি ৯০০ থেকে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত।

পদ্মা নদী অববাহিকার অঞ্চল হওয়া সত্ত্বেও বাজারে ইলিশের দাম বেশ চড়া। ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজির হিসাবে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর এক কেজি ওজনের ইলিশের দাম ২ হাজার ৬০০ টাকা।

মাছ ব্যবসায়ী ইব্রাহিম বলেন, দেশি ও নদীর ভালো মাছের দাম সব সময় একটু বেশিই থাকে। বড় মাছগুলো হাজার টাকার নিচে বিক্রি করা যায় না। আবার চাষের মাছের দামও এখন ২০০ টাকার ওপরে।

বাংলাদেশ সময়: ১৫:১৯:০৫   ৬ বার পঠিত  | ●   ●   ●   ●