![]()
পাবনা: আতাইকুলার পুষ্পপাড়া বাজার এলাকায় বিএনপি নেতা রিপন হোসেন (৪০) ও হাটের ইজারাদার আব্দুস সালামকে (৫০) গুলি করে হত্যার সময়ের সিসিটিভি ফুটেজে এমন দৃশ্য দেখা গেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সদর উপজেলার আতাইকুলা থানা এলাকার ঢাকা-পাবনা মহাসড়কের পুষ্পপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত রিপন হোসেন আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার মৃত ওমেদ আলীর ছেলে। তিনি আতাইকুলা থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন। অন্যদিকে, আব্দুস সালাম একই এলাকার মৃত আরজ আলী ব্যাপারীর ছেলে এবং পুষ্পপাড়া হাটের ইজারাদার। তিনি শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও ৫ আগস্টের পর তাঁকে জামায়াতের বিভিন্ন মিছিল-সমাবেশে দেখা গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একের পর এক হত্যাকাণ্ডে পাবনার আতাইকুলার পুষ্পপাড়া বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ২০১৪ সালের ৩০ মে সন্ধ্যায় এই বাজারেই প্রকাশ্যে একই কায়দায় গুলি চালিয়ে চারজনকে হত্যা করেছিল দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর সেই হত্যাকাণ্ডের রহস্য আজও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এক যুগ পর আবারও রক্তাক্ত হলো একই বাজার। একই স্থানে বারবার এমন হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুধু পুষ্পপাড়া বাজার নয়, চরমপন্থি তৎপরতার জন্য পরিচিত আতাইকুলার বিভিন্ন এলাকায় অতীতেও বহু হত্যাকাণ্ড ঘটেছে।
নিহত আব্দুস সালামের ভাই আব্দুল কালাম বলেন, আমার পরিবারকে নিশ্চিহ্ন করার জন্যই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ২০১৪ সালের চারজনকে হত্যার ঘটনায় আমাদের পরিবারের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। সেই হত্যাকাণ্ডের সময় আমি জেলে ছিলাম, তবুও আমার নামে মিথ্যা মামলা দিয়েছিল। এই এলাকায় অপরাধীরা আমাদের কারণে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ করতে পারে না। এ জন্যই আমাদের পরিবারকে নিশ্চিহ্ন করতে চাইছে।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। আতাইকুলা অঞ্চল আগে থেকেই চরমপন্থি তৎপরতাসহ অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। তবে আগের তুলনায় এখন এ অঞ্চলে অপরাধ কমে এসেছে। তিনি বলেন, পাবনায় আসার পর গত তিন মাসের মধ্যে এটাই প্রথম এমন ঘটনা। আশা করি, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে।
বাংলাদেশ সময়: ১৫:৫৪:৫৪ ৪ বার পঠিত | ● আতাইকুলা হত্যা ● পাবনায় জোড়া হত্যাকাণ্ড ● পুষ্পপাড়া বাজার ● সিসিটিভি ফুটেজ