![]()
কুষ্টিয়া: ভেড়ামারায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মধ্যে সনদপত্র বিতরণের আয়োজন করা হয়।
রোববার (১ নভেম্বর) ভেড়ামারা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল আরাফাত। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জামশেদ আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান, উপজেলা আইসিটি কর্মকর্তা মারজিয়া খানমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণ নেওয়া যুবক-যুবতীরা অনুষ্ঠানে অংশ নেন। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা উন্নয়ন, কর্মমুখী প্রশিক্ষণ এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেকারত্ব কমিয়ে যুবসমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। এসব সহায়তার মাধ্যমে তরুণদের আত্মকর্মসংস্থান এবং নতুন উদ্যোগ গ্রহণে উৎসাহিত করা যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
জাতীয় যুব দিবসের এ আয়োজন যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশের উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণে অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:১৯:০৩ ৩ বার পঠিত | ● ভেড়ামারা জাতীয় যুব দিবস ২০২৬ ● ভেড়ামারা যুব ঋণ ● যুব উন্নয়ন অধিদপ্তর