![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় পূর্বশত্রুতার জেরে সাজেদুল ইসলাম মনি নামের এক ব্যবসায়ীর ফলবাগানের বিভিন্ন প্রজাতির তিন শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। গত শনিবার (৩১ অক্টোবর) উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামের মো. আবদুল মালেক হাওলাদারের ছেলে ঢাকার ব্যবসায়ী মো. মাজেদুল হাসান মনি ৪৫ শতাংশ জমির ওপর একটি ফলবাগান গড়ে তোলেন। সেখানে আম, জাম, সুপারি, মাল্টা, আমড়া, কাঁঠাল, পেয়ারা, লেবু ও নারকেলসহ বিভিন্ন প্রজাতির তিন শতাধিক ফলের চারা রোপণ করা হয়।
অভিযোগ উঠেছে, উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম আউরা গ্রামের বাসিন্দা ও উপজেলা মৎস্য লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, তাঁর বড় ভাই জামায়াত নেতা জাকির মুন্সি ও জসিম মুন্সিসহ তাঁদের লোকজন পূর্বশত্রুতার জেরে শনিবার সকালে বাগানের প্রাচীর কেটে ভেতরে প্রবেশ করেন। এরপর তাঁরা বাগানের সব গাছ কেটে ফেলেন।
বাগানের দেখভালের দায়িত্বে থাকা ওবায়েদুল হক জানান, মালিক মনি ভাই ঢাকায় থাকায় তিনি তাঁর বাড়ি ও বাগান দেখাশোনা করেন। শনিবার সকাল ১০টার দিকে প্রতিপক্ষের লোকজন বাগানে ঢুকে সব গাছ কেটে ফেলে। খবর পেয়ে তিনি সেখানে গিয়ে মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে জামাল ও তাঁর লোকজন তাঁকে খুন-জখমের হুমকি দেন। বাধ্য হয়ে তিনি ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বাগানের মালিক মাজেদুল হাসান মনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি ঢাকায় থাকেন। তাঁর অনুপস্থিতিতে পূর্বশত্রুতার জেরে বাগানের তিন শতাধিক গাছ সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে। গাছ কাটতে বাধা দেওয়ায় তাঁর বাড়ি ও বাগান দেখাশোনার দায়িত্বে থাকা ওবায়েদুলকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বাড়িতে ফিরে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান ওই ব্যবসায়ী।
এ বিষয়ে অভিযুক্ত জামাল হোসেন জানান, তাঁদের জমিতে জোরপূর্বক গাছ রোপণ করেছেন মনি। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:২৫:০৫ ৩ বার পঠিত | ● কাঁঠালিয়া ● ঝালকাঠি ● ফলবাগানের গাছ কাটা ● সাজেদুল ইসলাম মনি