![]()
ফরিদপুর: ভাঙ্গায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার ইন্টারসেকশনের খুলনামুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাজরাহাটি মহল্লার দুলাল কাজীর ছেলে ইজাজুল কাজী (২০) এবং নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের জিয়াকুলি গ্রামের শাহাদাত সরদারের ছেলে স্বাধীন সরদার (২০)।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল ঢাকা থেকে ভাঙ্গার দিকে এবং অপরটি ভাঙ্গা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চালক নিহত হন। আহত হন দুই মোটরসাইকেলের দুই আরোহী রাজন (২১) ও ইয়ামিন (২৮)। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা জিনিয়া আক্তার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় চারজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত অপর দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। এতে দুই মোটরসাইকেলের চালক নিহত এবং দুই আরোহী আহত হয়েছেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২২:০৬:০৭ ৯ বার পঠিত | ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ● ফরিদপুর সড়ক দুর্ঘটনা ● ভাঙ্গা মোটরসাইকেল দুর্ঘটনা