![]()
ফেনী: ‘অতঃপর স্বপ্ন, প্রত্যাশা, আশা, ভরসা, ইচ্ছে, শখ—সবকিছু চিরবিদায় দিলাম।’ মৃত্যুর আগে নিজের ফেসবুক আইডিতে এমন একটি পোস্ট দিয়েছিলেন মো. মুজিব (২৬)। পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর বিষপান করেন তিনি।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই তরুণ।
সোমবার (২ নভেম্বর) ভোরে ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ চন্দনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুজিব ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে পারিবারিক বিরোধের জেরে বিষপান করেন মুজিব। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়ার পরামর্শ দেন।
মুজিবের বড় ভাই আরিফুর রহমান একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার মেজ ভাই মাহফুল সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছেন। মুজিবের এমন মৃত্যুতে পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, মৃত্যুর আগে ‘Md Mazib’ নামের ফেসবুক আইডিতে দেওয়া তার শেষ পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনার পর মুজিবের চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন।
সোমবার রাতে পরশুরামের দক্ষিণ চন্দনা শাহসুফি আবুল বাশার কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, চমেকে চিকিৎসাধীন অবস্থায় মুজিবের মৃত্যু হয়েছে। পরে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা থেকে ফোন করে এ ঘটনায় কোনো মামলা রয়েছে কি না জানতে চাওয়া হয়। পরশুরাম থানায় এ ধরনের কোনো মামলা বা অভিযোগ নেই বলে জানানো হয়েছে। যেহেতু তিনি চট্টগ্রামে মারা গেছেন, তাই এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সেখান থেকেই সম্পন্ন হবে।
এন/এস
বাংলাদেশ সময়: ২২:০৯:০৮ ১০ বার পঠিত | ● পরশুরাম ● ফেনীতে যুবকের মৃত্যু ● মো. মুজিব