ঢাকা    মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বিনোদন » বলিউডে নিজের শর্তেই পথচলা ডায়না পেন্টির

বলিউডে নিজের শর্তেই পথচলা ডায়না পেন্টির


বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬


বলিউডে নিজের শর্তেই পথচলা ডায়না পেন্টির

বলিউডে অভিষেকেই নজর কেড়েছিলেন ডায়না পেন্টি। হোমি আদজানিয়া পরিচালিত ‘ককটেল’ ছবিতে সাইফ আলী খান ও দীপিকা পাড়ুকোনের মতো তারকার সঙ্গে অভিনয় করেও হারিয়ে যাননি তিনি। বরং নবাগতা হয়েও দুই তারকার পাশে সমান উজ্জ্বল ছিলেন। এরপর ‘হ্যাপি ভাগ যায়েগি’ ছবিতে ভিন্ন আঙ্গিকে হাজির হন তিনি। পরের বছর মুক্তি পাওয়া ‘লক্ষ্ণৌ সেন্ট্রাল’ ছবিতেও দর্শকের দৃষ্টি আকর্ষণ করেন। ধীরে ধীরে বলিউডে নিজের অবস্থান শক্ত করেছেন এই অভিনেত্রী। দীর্ঘ ১৪ বছর ধরে ইন্ডাস্ট্রিতে টিকে থেকে অক্ষুণ্ন রেখেছেন নিজের স্বতন্ত্র পরিচয়। আজ ২ নভেম্বর ডায়না পেন্টির জন্মদিন। ১৯৮৫ সালের এই দিনে ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি।

কিছুদিন আগে ‘হলিউড রিপোর্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডায়না জানিয়েছেন, পরিচিতি ও তারকাখ্যাতির এই যাত্রা মোটেও সহজ ছিল না।

বলিউডে নিজের শর্তেই পথচলা ডায়না পেন্টির

নিজের স্বভাব সম্পর্কে অকপটে তিনি বলেন, ‘বরাবরই আমি একটু লাজুক, অন্তর্মুখী। মানুষের সঙ্গে খুব একটা মিশতে পারি না। ক্যারিয়ারের শুরুর দিকে ইন্ডাস্ট্রির নানা প্রান্ত থেকে আসা অনেক মানুষ আমাকে শিখিয়েছিলেন, এখানে টিকে থাকতে হলে কীভাবে চলতে হবে। আমি তাদের পরামর্শ নেওয়ার চেষ্টা করেছিলাম, তাদের মতো হওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝতে পারি, এই প্রচেষ্টা আমাকে ক্লান্ত করে তুলছে। তখনই উপলব্ধি করি, আমি শুধু আমার মতোই থাকব।’

নিজের স্বকীয়তা ধরে রাখার এই সিদ্ধান্ত ডায়নাকে আরও দৃঢ় করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কেমন মানুষ, সেটা দেখে আমাকে অনেক সময় ছবি দেওয়া হয় না। আমি কেমন অভিনেত্রী, সেটা তাদের কাছে গুরুত্বপূর্ণ না। তবে আমার এতে কোনো যায় আসে না। অবশেষে বলতে শিখেছি, আমি যেমন, তেমনই থাকব। হয়তো আমার কথা অনেকেই পছন্দ করবেন না, কিন্তু আমি এতে মনের শান্তি খুঁজে পেয়েছি।’

বলিউডের চাকচিক্য, শোরগোল কিংবা পাপারাজ্জিদের অবিরাম ক্যামেরার আলো থেকে দূরে থাকতেই পছন্দ করেন ডায়না। নিজের ছন্দে চলতে চান সব সময়। এ কারণেই তাঁকে সাধারণত আলোচনার বাইরে দেখা যায়। তবে পর্দায় হাজির হলেই নিজের অভিনয় ও উপস্থিতির ছাপ রেখে যান তিনি।

‘ককটেল’, ‘হ্যাপি ভাগ যায়েগি’, ‘লক্ষ্ণৌ সেন্ট্রাল’, ‘পরমাণু: দ্য স্টোরি অব পোখরান’, ‘হ্যাপি ফির ভাগ যায়েগি’ কিংবা ‘শিদ্দত’—প্রতিটি ছবিতেই ভিন্ন কিছু করার চেষ্টা করেছেন পেন্টি। চরিত্র নির্বাচনের ক্ষেত্রে কখনোই তাড়াহুড়া করেননি। সম্প্রতি ‘ডু ইউ ওয়াননা পার্টনার’ সিরিজ তাঁকে নতুন করে আলোচনায় এনেছে। সিরিজে আনাহিতা চরিত্রটি সম্পর্কে বলতে গিয়ে ডায়না জানিয়েছেন, চরিত্রটির সঙ্গে নিজের সত্তার কোথাও না কোথাও মিল খুঁজে পেয়েছেন তিনি। তাঁর ভাষায়, ‘অভিনয় আমার কাছে শুধুই কাজ নয়, বরং আত্মপ্রকাশের এক রূপ। তাই অন্যের মতো হয়ে নয়, নিজের সত্যিকারের সত্তাকে ধরে রেখে এগিয়ে যেতে চাই।’

সমালোচকদের মতে, ডায়না পেন্টির আত্মবিশ্বাসী পথচলা অনেকের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। লাজুক ও অন্তর্মুখী স্বভাব নিয়ে বলিউডে পা রাখা সেই অভিনেত্রীই আজ দৃঢ়তার সঙ্গে বলতে পারেন, ‘আমি যেমন, তেমনই থাকব।’

বাংলাদেশ সময়: ২২:৩৭:৫৬   ৮ বার পঠিত  | ●   ●   ●   ●