![]()
নারায়ণগঞ্জ: রূপগঞ্জে একটি পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষের দাবি, এ ঘটনায় মাত্র একজন শ্রমিক দগ্ধ হয়েছেন।
সোমবার রাত ৯টার দিকে উপজেলার পাড়াগাঁও এলাকায় সিম গ্রুপের পোশাক কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিদের মধ্যে নাইমুল হাসান নামের একজনের পরিচয় জানা গেছে। তিনি কারখানার যান্ত্রিক বিভাগের ফায়ার সুপারভাইজার হিসেবে কর্মরত। বিস্ফোরণে তিনি গুরুতর দগ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বাকি তিনজনের পরিচয় ও শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম চারজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
তবে আহতের সংখ্যা নিয়ে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের বক্তব্যে অমিল রয়েছে। সিম গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম বলেন, এ ঘটনায় একজন শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার রাতে কারখানার বয়লার সেকশনের পাশে থাকা ডায়ার কম্প্রেসার মেশিনে বিস্ফোরণ ঘটে। দগ্ধ ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণের খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২৩:২০:১৬ ৮ বার পঠিত | ● নারায়ণগঞ্জ পোশাক কারখানা ● রূপগঞ্জে কম্প্রেসার বিস্ফোরণ ● সিম গ্রুপ