![]()
নারায়ণগঞ্জ-২: (আড়াইহাজার) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী (পিএস) শাহ মোহাম্মদ ওয়ালীউল্লাহকে (৪২) গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা-পুলিশ।
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মোহাম্মদ মেহেদী ইসলাম ও আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে ঢাকার আগারগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওয়ালীউল্লাহ নরসিংদীর রায়পুরা উপজেলার শিবপুর গ্রামের মৃত মো. আব্দুল্লাহর ছেলে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মোহাম্মদ মেহেদী ইসলাম জানান, তাঁকে গ্রেপ্তারের জন্য বেশ কয়েক দিন ধরে চেষ্টা চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে ওয়ালীউল্লাহকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আড়াইহাজার থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এদিকে মঙ্গলবার ভোরে বিশনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী আমিনুল ইসলাম রতনকে গোপালদী বাজার এলাকা থেকে এবং আড়াইহাজার পৌরসভা আওয়ামী লীগের কর্মী আল মামুন পারভেজকে উপজেলা সদর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। থানার ওসি সবজেল হোসেন বলেন, রতন ও পারভেজ পৃথক স্থানে গোপন বৈঠক করছেন—এমন সংবাদের ভিত্তিতে তাঁদের দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। পরে ওয়ালীউল্লাহসহ গ্রেপ্তার তিনজনকে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এস এম
বাংলাদেশ সময়: ১৯:১০:৪৪ ১২ বার পঠিত | ● আড়াইহাজার হত্যা মামলা ● নজরুল ইসলাম বাবু ● নারায়ণগঞ্জ পুলিশ ● শাহ মোহাম্মদ ওয়ালীউল্লাহ