![]()
পাবনা: সাঁথিয়া উপজেলার হাসানপুরে ‘আর্ত মানবতার সেবায় আমরা অঙ্গীকারবদ্ধ’ স্লোগান নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন শামসুর রহমান ফাউন্ডেশন। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটেছে। উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাল্যবিবাহ প্রতিরোধ ও জরুরি সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার ঘোষণা দেওয়া হয়।
এরই অংশ হিসেবে সোমবার (৩ নভেম্বর) সংগঠনটির উদ্যোগে পাবনার সাঁথিয়া উপজেলার হাসানপুর গ্রামের ৯০ নম্বর হাসানপুর আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাককে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
শামসুর রহমান ফাউন্ডেশনের সভাপতি রবিউল ইসলাম রুবেলের সভাপতিত্বে এবং জেলার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠনটির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হুসাইন মোহাম্মদ বেলাল। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ওয়াজেদ আলী এবং সাঁথিয়া উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসাইন ও শওকত আলী।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কাশেম মাস্টার, হাফিজুর রহমান, আব্দুল মান্নান মোল্লা, আফতাব উদ্দিন মন্ডল, শাহজাহান আলী, আপেল মন্ডল, হযরত আলী, আতিকুর রহমান, আব্দুল ওহাব, হাবিবুর রহমান, শিক্ষক আরশেদ আলম, মান্নান মোল্লা, ফরিদ উদ্দিন ও তাসলিমা পারভীনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, হাসানপুর গ্রামের মানুষের আস্থা ও ভরসার নতুন ঠিকানা হয়ে উঠতে পারে শামসুর রহমান ফাউন্ডেশন। মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। ফাউন্ডেশনের এই নবযাত্রায় সব সময় পাশে থাকারও আশ্বাস দেন তাঁরা।
উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি রবিউল ইসলাম রুবেল বলেন, মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই সংগঠনটির যাত্রা শুরু হয়েছে। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে। নিজ গ্রাম হাসানপুর থেকে কার্যক্রম শুরু হলেও একসময় এ সংগঠন সারা বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ জন্য সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ স্বাগত বক্তব্যে সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেন, এ ফাউন্ডেশনের মাধ্যমে দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতা, দরিদ্র এতিমদের শিক্ষা ও স্বাস্থ্যের মান উন্নয়ন, অবহেলিত নারীদের সহায়তা এবং যৌতুক প্রথা রোধে কাজ করা হবে। পাশাপাশি বৃক্ষরোপণ, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও সংকট মোকাবিলায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে সংগঠনটি এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।
উল্লেখ্য, পাবনার সাঁথিয়া উপজেলার হাসানপুর গ্রামে ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন শামসুর রহমান মন্ডল। জীবদ্দশায় তিনি ৯০ নম্বর হাসানপুর আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহান মুক্তিযুদ্ধে শহীদ ১০ জনের স্মরণে নিজ গ্রামে একটি হাফিজিয়া মাদ্রাসা, একটি কমিউনিটি ক্লিনিক ও একটি মসজিদ প্রতিষ্ঠা করেন। এ ছাড়া স্থানীয় কবরস্থান ও ঈদগাহ মাঠ প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। এই ব্যক্তি ২০২৫ সালের ১ জানুয়ারি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা রেখে যান।
তাঁর একমাত্র কন্যা শামসুর নাহার রত্না একজন গৃহিণী। প্রয়াত শামসুর রহমানের দুই ছেলের মধ্যে বড় ছেলে রবিউল ইসলাম রুবেল ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন এবং ছোট ছেলে শফিউল ইসলাম জুয়েল জার্মানপ্রবাসী। তাঁর একমাত্র জামাতা পাবনা জেলার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আখতারুজ্জামান জর্জ সুজানগর উপজেলার মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:২৮:৪৫ ১৩ বার পঠিত | ● পাবনা ● মানবিক সংগঠন ● শামসুর রহমান ফাউন্ডেশন ● হাসানপুর