ঢাকা বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
বরিশাল:আগৈলঝাড়ায় বসতঘরের মেঝেতে দুটি কবর তৈরি করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেন সজীব বেপারী। বিষয়টি প্রশাসনের নজরে এলে মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল হোসেন তমাল ও আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মাসুদ খান সরেজমিনে ওই বাড়িতে যান। সেখানে তাঁরা বসতঘরের মেঝেতে দুটি কবর দেখতে পান। এ সময় সজীব বেপারী ও তাঁর মা শিউলী বেগমের সঙ্গে কথা বলেন কর্মকর্তারা।
সজীব বেপারী প্রশাসনের কাছে নিজেই কবর দুটি তৈরির কথা স্বীকার করেন। পরে প্রশাসনের উপস্থিতিতে তিনি নিজেই কবর দুটি ভেঙে ফেলেন। কী কারণে কবর দুটি তৈরি করেছিলেন, তা সজীব নিজেও বলতে পারেননি। ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে উপজেলা প্রশাসনের কাছে মুচলেকা দিয়েছেন তিনি।
উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ি গ্রামের ভ্যানচালক ছালাম বেপারীর ছেলে সজীব বেপারী ছয় মাস আগে থেকে ভাড়ে বসে বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে আসছিলেন। ভাড়ে বসলে প্রতিদিন তাঁর কাছে ৪০-৫০ জন নারী-পুরুষ চিকিৎসা নিতে আসতেন। প্রতি সোমবার রাতে রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যেত।
সজীবের পরিবারের দাবি, গত সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে হঠাৎ তাঁদের বসতঘরের মেঝেতে একটি কবর জেগে ওঠে। একই দিন রাত ১২টার দিকে ওই কবরের পাশে আরেকটি কবর জেগে ওঠে বলে জানায় পরিবারটি। ঘরের মধ্যে জেগে ওঠা কবর দুটি বড় পীর আব্দুল কাদের জিলানী ও খাজা মাইনউদ্দিন চিশতীর বলে দাবি করা হয়।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ার পর কবর দুটি দেখতে উৎসুক লোকজন ওই বাড়িতে ভিড় করতে থাকেন। একই সঙ্গে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যাও বেড়ে যায়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল হোসেন তমাল সাংবাদিকদের বলেন, “এরকম একটি ঘটনা শুনে আমরা এখানে এসেছি। মানুষ যেন প্রতারিত না হয়, সে জন্য সজীব বেপারীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কবর বানানোর কথা স্বীকার করেন। তাঁর বানানো কবর তিনি নিজেই ভেঙে ফেলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৩২:২৫ ৭ বার পঠিত | ● আগৈলঝাড়া ● আব্দুল কাদের জিলানী ● ঘরের মধ্যে কবর ● সজীব বেপারী