ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৬ শিশুর

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৬ শিশুর


অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬


ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৬ শিশুর

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে মারা গেছে ৬ শিশু। সব মিলিয়ে ডেঙ্গু ও হামের উপসর্গে প্রাণ হারিয়েছে ১২ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু ও হামবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ১০ জন। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ৯৪৩ জন, ময়মনসিংহে ৬০ জন, চট্টগ্রামে ২৪৫ জন, খুলনায় ২৩৫ জন, রাজশাহীতে ২১৯ জন, রংপুরে ৬৫ জন, বরিশাল বিভাগে ২১৯ জন এবং সিলেটে ২৪ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৮৭৬ জন। আর এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১ লাখ ৩৪ হাজার ৫৯৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৯০৯ জনে। এ সময়ে মোট মৃত্যু হয়েছে ৪৩৯ জনের। চলতি বছরে মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে।

এ বছর সবচেয়ে বেশি ২০৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর খুলনা বিভাগে ৮০ জন, চট্টগ্রামে ৪৩ জন, ময়মনসিংহে ৩৭ জন, বরিশালে ৩০ জন, রাজশাহীতে ২৯ জন, রংপুরে ৮ জন এবং সিলেট বিভাগে ৪ জন মারা গেছেন।

এদিকে, মঙ্গলবার হামবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৮ শিশু। একই সময়ে ৮২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে নতুন রোগীর সংখ্যা ১ হাজার ৪০০। এ নিয়ে সরকারি হিসাবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ২৬৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে মারা গেছে ১০৫ শিশু। বাকি ১ হাজার ১৫৮ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। আর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৮৯৬ শিশু।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ৩২ হাজার ৮২৩। এ পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৭৩ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ৭ হাজার ৪২৮ শিশু। এখন পর্যন্ত হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৯৮ হাজার ৭৫২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ শিশুর মধ্যে ঢাকা বিভাগের ৫ জন এবং বরিশাল বিভাগের ১ জন রয়েছে। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৪৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ ছাড়া এ বিভাগে ৬১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৫৬:১১   ১৩ বার পঠিত  | ●   ●   ●   ●