ঢাকা    বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বিনোদন » গ্রেপ্তারি পরোয়ানার পর আদালতে পরীমনি, যাওয়ার আগে রহস্যময় পোস্ট

গ্রেপ্তারি পরোয়ানার পর আদালতে পরীমনি, যাওয়ার আগে রহস্যময় পোস্ট


বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬


গ্রেপ্তারি পরোয়ানার পর আদালতে পরীমনি, যাওয়ার আগে রহস্যময় পোস্ট

আবারও আলোচনার কেন্দ্রে অভিনেত্রী পরীমনি। তবে এবার সিনেমা নয়, পাঁচ বছর আগের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কারণে আলোচনায় এসেছেন তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আত্মসমর্পণ করে জামিনের আবেদন নিয়ে আদালতে যান অভিনেত্রী।

আদালতে যাওয়ার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি রহস্যময় বার্তা দেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, ‘যে মধুতে মরে, তারে বিষ দিতে নেই’।

এদিকে, পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর প্রকাশ্যে আসার পর অনেকেই বিষয়টি নিয়ে সমালোচনা করছেন। কিছুদিন পরপরই অভিনেত্রীকে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় বলে আক্ষেপ প্রকাশ করেছেন কেউ কেউ।

মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ২০২১ সালে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। বুধবার (৪ নভেম্বর) মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে সেদিন আদালতে হাজির হননি পরীমনি। তার আইনজীবী সময়ের আবেদন জানালে আদালত তা আমলে নেননি। বরং অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

এর আগে, গত বছরের ২৬ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সেদিনও পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

অভিনয়েও সম্প্রতি ব্যস্ত সময় পার করছেন পরীমনি। গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ কাজ করেছেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। এ ছাড়া ‘ফারজানা’ নামের একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমার কাজও অনেকখানি শেষ করেছেন অভিনেত্রী। সিনেমাটি নির্মাণ করছেন তারেক রহমান।

বাংলাদেশ সময়: ১৩:৪৬:৫১   ৫ বার পঠিত  | ●   ●   ●   ●